Jammu And Kashmir

পহেলগাম হামলার প্রায় এক বছর পরে খুলতে চলেছে জম্মু ও কাশ্মীরের পর্যটন কেন্দ্রগুলি, জানালেন ওমর আবদুল্লা

যদিও ভূস্বর্গে এখনও আতঙ্ক পুরোপুরি কাটেনি। সেখানে পর্যটকরা যেতে শুরু করলেও তাঁদের সংখ্যা আগের তুলনায় কম। পহেলগাম হামলার পরে পর্যটকদের মন থেকে আতঙ্ক কাটাতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে বলেও জানিয়েছেন ওমর আবদুল্লা।

ওমর আবদুল্লা
নিজস্ব সংবাদদাতা, জম্মু
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯

পহেলগাম হামলার প্রায় এক বছর পরে খুলতে চলেছে জম্মু ও কাশ্মীরের বন্ধ থাকা পর্যটন কেন্দ্রগুলি। সেই সঙ্গেই নতুন আরও ন’টি পর্যটন কেন্দ্র চালু করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

গত বছরের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলা চালায় পাকিস্তানের ইসলামি জঙ্গিরা। গুলিতে মৃত্যু হয় ২৬ জনের। ওই হামলার পরেই নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছিল ৫০টির বেশি পর্যটন কেন্দ্র। গত কয়েক মাসে খুলে দেওয়া হয়েছে ২৫টি কেন্দ্র। এখনও পর্যন্ত যে পর্যটন কেন্দ্রগুলি বন্ধ আছে সেগুলি চলতি বছরের মে মাসের মধ্যেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই এই কথা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ইতিমধ্যেই বেশ কিছু পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। তবে দুধপাথরি, ইউসমার্গ-সহ বিভিন্ন এলাকা এখনও বন্ধ। আবার বেশ কিছু এলাকায় একটি নির্দিষ্ট জায়গার বাইরে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। আগামী মে মাস থেকেই ওই কেন্দ্রগুলি সকলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

যদিও ভূস্বর্গে এখনও আতঙ্ক পুরোপুরি কাটেনি। সেখানে পর্যটকরা যেতে শুরু করলেও তাঁদের সংখ্যা আগের তুলনায় কম। পহেলগাম হামলার পরে পর্যটকদের মন থেকে আতঙ্ক কাটাতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে বলেও জানিয়েছেন ওমর আবদুল্লা। সেখানকার পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নতিও করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পহেলগাম, গুলমার্গ এবং সোনমার্গের মতো জায়গা, যেখানে পর্যটকরা বেশি যান, সেখানে যে সমস্ত সমস্যা আছে সেগুলির সমাধান করার দিতে বাড়তি নজর দিয়েছে জম্মু-কাশ্মীরের সরকার বলেও জানিয়েছেন ওমর আবদুল্লা।

পাশাপাশি জম্মু-কাশ্মীরের আরও কিছু এলাকায় পর্যটনের সম্ভাবনা আছে। ওই এলাকাগুলিকেও তুলে ধরার উদ্যোগ নিয়েছে সেখানকার সরকার। পর্যটকদের সুবিধার জন্য বেশ কিছু প্যাকেজ তৈরির চিন্তাভাবনা করাও হচ্ছে।


Share