Weather Update

আরও বাড়বে তাপমাত্রা! হালকা বৃষ্টির সম্ভবনা, আগামী সপ্তাহ থেকে পুরোপুরি ভাবে বিদায় নেবে শীত

এবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

তীব্র দাবদাহে পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯

দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের মতো ওড়িশা সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ ! তার প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে ওড়িশা ও বাংলা সংলগ্ন উপকূলে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও হচ্ছে। দিনে শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গিয়েছে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে সপ্তাহ শেষে সর্বনিন্ম তাপমাত্রা উইকেন্ডে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে খুব সকালে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে।

কলকাতায় রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে গিয়েছে। দিনের তাপমাত্রাও ৩০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা আজ, শুক্রবার ১৯ ডিগ্রির ঘরে। স্বাভাবিকের উপরে দিনের তাপমাত্রা চলে গেলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে রয়েছে। রাজ্য জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা, শিশির থাকবে। দিনভর পরিষ্কার আকাশ থাকবে। রাতে ও সকালের হালকা শীতের অনুভূতি ক্রমশ বিদায় নেবে। দিনে শীতের আমেজ উধাও হবে।

এবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৩ থেকে ৭৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share