Robbery

বীরভূমের কীর্ণাহারে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, এলাকায় বোমাবাজি

বীরভূমের কীর্ণাহারে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে পাঁচ জনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র দেখিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে লুটপাট সেরে পালিয়ে যায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কীর্ণাহার
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:২৩

ভরসন্ধ্যায় বীরভূমের কীর্ণাহারে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা।বুধবার সন্ধ্যায় কীর্ণাহার বাস স্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে এই ঘটনা ঘটে। দুষ্কৃতীরা বোমাবাজি চালায়। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই লুটপাট সেরে তারা পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার সময় এলাকায় স্বাভাবিক ভিড় ছিল। সেই সময় একটি গাড়ি এসে বাস স্ট্যান্ডের সামনে থামে। গাড়ি থেকে পাঁচ জনের একটি দল নেমে আসে। তাদের মধ্যে দু’জন সোজা সোনার দোকানে ঢুকে পড়ে। বাকি তিন জন দোকানের বাইরে দাঁড়িয়ে পাহারায় থাকে। দোকানের ভিতরে ঢুকেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট শুরু করে দুষ্কৃতীরা। একই সঙ্গে বাইরে থাকা তিন জন বোমাবাজি শুরু করে। যাতে কেউ কাছে আসতে না পারে। আতঙ্কে এলাকাবাসী দিশাহারা হয়ে পড়েন। মিনিট পাঁচেকের মধ্যেই লুটপাট শেষ করে গাড়িতে চেপে দুষ্কৃতীরা চম্পট দেয়।

আকস্মিক এই ঘটনায় কার্যত হতভম্ব হয়ে পড়েন দোকানের মালিক বাপ্পা কর্মকার। তিনি জানান, দোকানের ভিতরে তিন জন ছিলেন। তাঁদের আটকে রেখেই দুষ্কৃতীরা সমস্ত সোনার সামগ্রী লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে তল্লাশি শুরু করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।


Share