TMC Political Crisis

মামলা রয়েছে বলে চিকিৎসা করাতে বিদেশে যেতে বাধা দেওয়া যায় না, অভিষেকের বিদেশযাত্রায় অনুমতি দিল সুপ্রিম কোর্ট

কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ আগস্ট ২০২৬ ০৩:০৭

বিদেশে চিকিৎসা করাতে যেতে পারবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দেশের সর্বোচ্চ আদালত এমনই নির্দেশ দিয়েছেন। আগামী তিন সপ্তাহের জন‍্য অভিষেক বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। তাঁর বিদেশযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। আগামী তিন সপ্তাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে কোনও বাধা দেওয়া যাবে না।

আমেরিকায় জন হপকিনস হাসপাতালে চোখের চিকিৎসা করাতে যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কলকাতা হাই কোর্টে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, অভিষেকের বিরুদ্ধে মামলা রয়েছে। তাই বিদেশে গেলে নাও ফিরতে পারেন। পর্যবেক্ষণে হাই কোর্ট জানিয়েছিল, তিনি এসএসকেএম গিয়ে চোখের চিকিৎসা করাতে পারেন। চক্ষুরোগ বিভাগের প্রধানকে দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করতে বলা হয়। তাঁরা যদি মনে করেন, অভিষেকের চিকিৎসা এখানে করানো যাবে না, তবেই হাই কোর্ট বিদেশযাত্রার অনুমতি দিতে পারে। 

হাই কোর্ট থেকে অনুমতি না মিললে গত বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে মামলা দায়ের করেন। শীর্ষ আদালত মামলা আবার কলকাতা হাই কোর্টে পাঠিয়ে দেয়। আগামী এক সপ্তাহের মধ্যে এই মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশ দেয়। পরের দিন, বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে কলকাতা হাই কোর্টে মামলার শুনানি হয়। তাতেও একই নির্দেশ দেওয়া হয়। অভিষেকের আইনজীবী তাতে রাজি না হওয়ায় মামলাটাই খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। বিচারপতি বাগচীর জানান, অভিষেকের বিরুদ্ধে মামলা রয়েছে বলেই তাঁকে বিদেশে চিকিৎসা পরিষেবা নিতে বাধা দেওয়া যায় না। এক জন ব‍্যক্তি নিজের পছন্দের মতো চিকিৎসা পরিষেবা করাতে বিদেশ যেতে পারেন। এটা তাঁর অধিকারের মধ্যে পড়ে।

শীর্ষ আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী তিন সপ্তাহের মধ্যে বিদেশে চিকিৎসা করাতে যেতে অনুমতি দিয়েছে।


Share