TMC Political Crisis

এসি বিলাসবহুল ঘর, পাশে বেডরুম! বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসে ঢুকে বিস্ফোরক দাবি বিজেপির, কড়া কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

তাঁর কথায়, ‘‘বয়স হয়েছে, এমন জিনিস দেখাও পাপ। এ বার বুঝতে পারলাম শয়নকক্ষ কেন!’’ পরে তিনি বলেন, সরকারি কাজ শুরু করার আগে ওয়ার্ড অফিসটি গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা উচিত।

স্বাস্থমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, বিধাননগর
  • শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৪:৪৯

বিধাননগর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড অফিসে একটি কক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির দাবি, সরকারি দফতরের ভিতরে পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি)-সহ একটি বড় ঘর এবং তার লাগোয়া একটি শয়নকক্ষের মতো কক্ষের সন্ধান মিলেছে। ওই ঘরে খাট, ড্রেসিং টেবিল এবং আলমারিতে একাধিক বালিশ রাখা ছিল বলে অভিযোগ। বিজেপির আরও দাবি, ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটি কন্ডোমের প্যাকেটও উদ্ধার হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শুক্রবার সন্ধ্যায় সুকান্তনগরে বিজেপির একটি পথসভার পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে ৩৫ নম্বর ওয়ার্ড অফিসে যান। সেখানে ঘুরে দেখার পর তিনি দফতরের অবস্থা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান। তাঁর কথায়, ‘‘বয়স হয়েছে, এমন জিনিস দেখাও পাপ। এ বার বুঝতে পারলাম শয়নকক্ষ কেন!’’ পরে তিনি বলেন, সরকারি কাজ শুরু করার আগে ওয়ার্ড অফিসটি গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা উচিত।

প্রসঙ্গত, ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্কর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। বর্তমানে ওই ওয়ার্ডের দায়িত্ব প্রশাসকের হাতে রয়েছে। বিজেপি নেতারা এই ঘটনার জন্য প্রাক্তন কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অন্য দিকে, এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেস বা ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। শুক্রবারের সভা থেকে শারদ্বত মুখোপাধ্যায় আসন্ন পুরসভা নির্বাচনে বিধাননগরের ৪১টি ওয়ার্ডেই বিজেপিকে জয়ী করার লক্ষ্যে কর্মীদের আহ্বান জানান। পাশাপাশি, তিনি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও কটাক্ষ করেন।


Share