Mamata Banerjee

বিধানসভা ভোটের দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বৃহস্পতিবার সকালে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিতে পারেন তিনি

এই আবহেই মুখ্যমন্ত্রীর রাজধানী সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন তৃণমূল নেতৃত্বরা। জোড়াফুলের এক সাংসদের কথায়, ‘দলনেত্রীর দিল্লিতে আগামী ৩০-৩১ তারিখ দু’টি কর্মসূচি রয়েছে বলে শুনেছি, যদিও এখনও চূড়ান্ত হয়নি।’ তৃণমূলের পরিষদীয় নেতাদের পর্যবেক্ষণ, মুখ্যমন্ত্রী দিল্লি সফরে যাওয়ায় বিধানসভার ‘ভোট অন অ্যাকাউন্ট’ বাজেট অধিবেশন পিছিয়ে যাচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০২:২২

বুধবার সংসদে বাজেট অধিবেশন শুরুর দিন। আর আজ সিঙ্গুরের সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা করেই বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন তিনি। দিল্লিতে মুখ্যমন্ত্রীর কী কী কর্মসূচি রয়েছে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তৃণমূল সূত্রের খবর, রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় মারা গিয়েছেন, এমন কয়েকজনের পরিবারের লোকেরাও দিল্লি যাচ্ছেন। ফলে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বাংলায় যাঁরা অসুস্থ হয়ে মারা গিয়েছেন বা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, তেমন কয়েকজন নাগরিকের পরিবারকে নিয়ে দিল্লিতে মমতার নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তৃণমূল নেতারা।

তৃণমূল কংগ্রেস যে দিল্লিতে এসআইআর ইস্যুতে সরব হতে চলেছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল সংসদের আসন্ন বাজেট অধিবেশনের আগে মঙ্গলবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকেই। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে হওয়া ওই বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে সাগরিকা ঘোষ ও শতাব্দী রায় বাজেট অধিবেশনে এসআইআর সংক্রান্ত বিষয়ে আলোচনার দাবি তোলেন। পাশাপাশি, তথ্যগত অসংগতি যুক্তি দেখিয়ে বিপুল সংখ্যক মানুষকে শুনানিতে তলব না করতে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন অসঙ্গতির পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি, তা নিয়েও সংসদে আলোচনা দাবি করেন তৃণমূলের দুই সাংসদ।

সর্বদলীয় বৈঠকের পরে সাগরিকা দিল্লিতে বলেন, ‘পশ্চিমবঙ্গে যে ভাবে এসআইআর হচ্ছে, তা নিয়ে সংসদে আলোচনা প্রয়োজন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলায় ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যে ভাবে ডিসক্রিপেন্সি তালিকা তৈরি হয়েছে তা নিয়েও আলোচনা প্রয়োজন।’ যদিও বিজেপি এসআইআর নিয়ে বাজেট অধিবেশনে চর্চায় নারাজ। সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, ‘গত অধিবেশনে সংসদের দুই কক্ষেই নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্ক হয়েছে। সেখানে এই ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। এ নিয়ে আরও একটি বিতর্কের দাবি অপ্রয়োজনীয়৷’

এই আবহেই মুখ্যমন্ত্রীর রাজধানী সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন তৃণমূল নেতৃত্বরা। জোড়াফুলের এক সাংসদের কথায়, ‘দলনেত্রীর দিল্লিতে আগামী ৩০-৩১ তারিখ দু’টি কর্মসূচি রয়েছে বলে শুনেছি, যদিও এখনও চূড়ান্ত হয়নি।’ তৃণমূলের পরিষদীয় নেতাদের পর্যবেক্ষণ, মুখ্যমন্ত্রী দিল্লি সফরে যাওয়ায় বিধানসভার ‘ভোট অন অ্যাকাউন্ট’ বাজেট অধিবেশন পিছিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, বিধানসভায় ২০২৬-এর এই অধিবেশন শুরু হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। ২ ফেব্রুয়ারি বাজেট পেশ হওয়ার কথা ছিল। বিধানসভা সূত্রের খবর, ২ ফেব্রুয়ারির বদলে বাজেট পেশ হতে চলেছে ৫ ফেব্রুয়ারি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানিয়েছেন, ‘৩ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে। রাজ্য বাজেট পেশ হবে ৫ ফেব্রুয়ারি। কিছু অসুবিধার কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে।’

বিজেপি সরকার সংসদে এসআইআর নিয়ে বিতর্ক রাজি না হলেও বিধানসভায় এই ইস্যু নিয়ে তর্জা হতে চলেছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় শতাধিক মানুষের মৃত্যু, হয়রানি নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রস্তাব পেশ করতে চলেছেন।  বিধানসভার অধ্যক্ষ এ দিন বলেন, ‘এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। জনপ্রতিনিধিদের মধ্যেও বিভ্রান্তি রয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় এই বিষয়ে একটি প্রস্তাব পেশ করবেন।’

‘ভোট অন অ্যাকাউন্ট’ বাজেট অধিবেশন চলতে পারে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সপ্তদশ বিধানসভার এটাই শেষ অধিবেশন হতে চলেছে। অন্য দিকে, তৃণমূল দাবি করেছে, সংসদের বাজেট অধিবেশনে এসআইআর ছাড়াও পশ্চিমবঙ্গের বকেয়া অর্থ, ভোটের মুখে ইডি-সহ কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়েও আলোচনার কথা। সাগরিকার বলেন, ‘রাজ্যের প্রাপ্য অর্থ রিলিজ় করা নিয়ে আলোচনা প্রয়োজন। ভোটমুখী রাজ্যে যে ভাবে ইডি–কে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে আলোচনা প্রয়োজন। আমরা চাই সংসদ চলুক। বিরোধীপক্ষের কথা সরকারকে শুনতে হবে।'


Share