Ajit Pawar

দিল্লিযাত্রা স্থগিত রাখলেন মুখ্যমন্ত্রী, অজিতের মৃত্যুতে শোকপ্রকাশ করে সঠিক তদন্তের দাবি মমতার

বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ অজিত পাওয়ারের চাটার্ড বিমান অবতরণের সময় ভেঙে পড়ে। সেই ঘটনায় সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, অজিতের আকস্মিক মৃত্যুতে তিনি গভীর ভাবে মর্মাহত।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৪:০৬

সকালে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। সেই ঘটনায় শোকপ্রকাশ করলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশের পাশাপাশি তিনি ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ অজিত পাওয়ারের চাটার্ড বিমান অবতরণের সময় ভেঙে পড়ে। সেই ঘটনায় সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, অজিতের আকস্মিক মৃত্যুতে তিনি গভীর ভাবে মর্মাহত। বুধবার হুগলির সিঙ্গুরে সভা শেষ করে দিল্লির পথে রওনা হওয়ার কথা ছিল। নবান্ন সূত্রের খবর, সকালের এই ঘটনার খবর সামনে আসার পরে তিনি দিল্লিযাত্রা স্থগিত করে দেন। বুধের বদলে আগামিকাল বৃহস্পতিবার তিনি দিল্লি যাবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কী কারণে তিনি দিল্লি যাচ্ছেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে রাজনৈতিক মহলে।

বুধবার দুপুরে হুগলির সিঙ্গুরে সরকারি সভায় যোগ দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির পথে রওনা হওয়ার সময় অজিতের বিমান কীভাবে ভেঙে পড়ল, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “দেশে কোনও মানুষের সুরক্ষা নেই। বিরোধী দলের নেতাদেরও নেই। শুধু শাসকদলের (বিজেপি) নিরাপত্তা রয়েছে।” মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, এই ঘটনা পরিকল্পিত। এর পরেই মুখ্যমন্ত্রী গোটা ঘটনার তদন্তের সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক বলে দাবি জানিয়ে বলেছেন, “আমি সামাজমাধ‍্যমে দেখেছি এবং অন‍্য নেতাদের কাছে শুনেছি। অজিত পাওয়ার বিজেপির শরিক থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন। নিজের মতো করে রাজনীতি করতে চেয়েছিলেন। এই ঘটনার তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক।” মুখ্যমন্ত্রী অভিযোগ, ‘’সুপ্রিম কোর্ট ছাড়া আর কোন তদন্তকারী সংস্থাকে বিশ্বাস করা যায় না। কারণ তাঁরা বিক্রি হয়ে গিয়েছে।” এ ছাড়াও, ঘটনায় পাওয়ার পরিবারের সমস্ত সদস্যকে সমবেদনা জানিয়েছেন।

বুধবার সকাল পৌনে ৯টা মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানে ছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভ্রাতুষ্পুত্র অজিত পাওয়ার। বিমানে আরও পাঁচজন যাত্রী ছিলেন। তাদের সবাই এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছেন।

সূত্রের খবর, অজিতের দেহ একজন দেহরক্ষী, এটেনডেন্ট, তিনজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী বিপীন যাদব, দু’জন ক‍্যপ্টেন সম্ভাবী পটেল, সুমিত কাপুর, কেবিন ক্রু পিঙ্কি মালি।

ভেঙে পড়ার পরেই বিমানে আগুন ধরে যায়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করছে। এলাকায় পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী। তারা এলাকাটিকে ঘিরে রেখে উদ্ধারকাজ চালায়। রাজ্যের উপমুখ্যমন্ত্রী মৃত‍্যুতে তিন দিনের শোকপ্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।


Share