Ghatal Master Plan

সিঙ্গুরের সভা থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস হল মমতার হাত দিয়ে

২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে ফের সাংসদ হওয়ার পরই প্রকল্পের কাজ শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষার পর বিধানসভা নির্বাচনের আগে দেব ও মানস ভুইয়াঁর উপস্থিতিতেই উদ্বোধন হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, ঘাটাল
  • শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৫:৩৬

অবশেষে প্রতি বছর বন্যার আতঙ্ক থেকে মুক্তির পথ খুলতে চলেছে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশের মানুষের জন্য। বুধবার হুগলির সিঙ্গুর থেকে আনুষ্ঠানিক ভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঘাটালের তিন বারের সাংসদ দীপক অধিকারী (দেব) এবং রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুইয়াঁ।

ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরেই ওই এলাকার মানুষের অন্যতম প্রধান দাবি ছিল। গত লোকসভা নির্বাচনে তৃতীয়বার প্রার্থী হতে রাজি হওয়ার সময়ই এই প্রকল্পের বাস্তবায়নকে শর্ত হিসেবে সামনে এনেছিলেন দেব। প্রকাশ্য সভা থেকে তিনি জানিয়েছিলেন, এ বার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবেই। সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে ফের সাংসদ হওয়ার পরই প্রকল্পের কাজ শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষার পর বিধানসভা নির্বাচনের আগে দেব ও মানস ভুইয়াঁর উপস্থিতিতেই উদ্বোধন হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের।

এই প্রকল্পের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি ব্লক ঘাটাল, দাসপুর-১ ও ২, চন্দ্রকোনা-১ ও ২, কেশপুর এবং ডেবরা ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার চারটি ব্লক পাঁশকুড়া-১, কোলাঘাট, ময়না ও তমলুকের মানুষ উপকৃত হবেন। পাশাপাশি ঘাটাল ও পাঁশকুড়া পুরসভাও এর আওতায় থাকবে। প্রশাসনের দাবি, প্রায় ১০ লক্ষ মানুষ এই প্রকল্পের মাধ্যমে জলযন্ত্রণা থেকে মুক্তি পাবেন।

রাজ্য প্রশাসন জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের কোনও আর্থিক সহায়তা ছাড়াই প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সাংসদ দেবের অনুরোধে মুখ্যমন্ত্রী প্রথম পর্যায়ে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেন। লোকসভা নির্বাচনের আগে দেব মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকল্পের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন। তখন ঘাটালে নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কেন্দ্র বঞ্চনা করলেও ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই বাস্তবায়িত করবে।

মমতার অভিযোগ, ‘’দিল্লি এক পয়সাও দেয় না। দেব বারবার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলত। কিন্তু কেন্দ্র টাকা দেবে না। তাই ওদের বোকা বানিয়েছে। তাই আমরাই টাকা দিলাম। এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।”

জেলা সেচ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকেই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। অবশেষে উদ্বোধনের মাধ্যমে বাস্তব রূপ পাচ্ছে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান।


Share