TMC Political Crisis

কালিয়াচকে পুলিশের দড়িতে বাঁধা ‘আতঙ্কের সম্রাট’! কুখ্যাত বকুল শেখকে এলাকা ঘোরানোয় উচ্ছ্বসিত বাসিন্দারা

অভিযোগ, দিনের আলোয় প্রকাশ্যে দাপট দেখিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে যেত সে। তার ভয়ে বহু পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল বলেও দাবি স্থানীয়দের একাংশের।

বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হল এলাকায়।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১২:২৯

মালদহের কালিয়াচকে একসময়ের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে পুলিশি নিরাপত্তায় এলাকা ঘোরানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে খুন, অপহরণ, তোলাবাজি, লুটপাট-সহ একাধিক গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে তার নাম জড়িয়ে ছিল বলে অভিযোগ। এলাকায় তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে, ভয় ও আতঙ্কের কারণে বহু মানুষ তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় কালিয়াচক ও সংলগ্ন এলাকায় বকুল শেখের নামই ছিল আতঙ্কের প্রতীক। অভিযোগ, দিনের আলোয় প্রকাশ্যে দাপট দেখিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে যেত সে। তার ভয়ে বহু পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল বলেও দাবি স্থানীয়দের একাংশের।

রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর দাগি অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান আরও জোরদার হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই বকুল শেখকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে এবং অপরাধ সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পুলিশি নিরাপত্তায় তাকে এলাকায় ঘোরানো হলে ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে যায়।

দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটতে চলেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বকুল শেখের গ্রেফতারির ফলে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ বোধ করবেন। তবে পুরো ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share