Uttar Pradesh

উত্তরপ্রদেশে স্কুলের দৌড় প্রতিযোগিতার সময় হৃদরোগে আক্রান্ত হল শিশু, হাসপাতালে নিয়ে গেলে ১০ বছরের পড়ুয়াকে মৃত বলে ঘোষণা

উত্তরপ্রদেশে স্কুলের দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়ে ১০ বছরের নিহাল, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ০৩:০২

উত্তরপ্রদেশের একটি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ১০ বছরের এক পড়ুয়ার। দৌড় প্রতিযোগিতা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়ে নিহাল নামে ওই নাবালক। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

ঘটনাটি গত শনিবার উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরের রায়পুর নাগালি গ্রামের একটি স্কুলে ঘটেছে। জানা গিয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে ‘ন্যাশনাল ইউনিটি ডে’ পালন করা হচ্ছিল। সেই উপলক্ষেই স্কুলে আয়োজন করা হয়েছিল ক্রীড়া প্রতিযোগিতার। তাতেই দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল নিহাল।

সূত্রের খবর, প্রতিযোগিতা শুরু হওয়ার পর ট্র্যাকে কিছুটা পথ দৌড়েছিল সে। আচমকাই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় ওই পড়ুয়া। পরিস্থিতি বুঝতে পেরে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা দ্রুত তার কাছে ছুটে যান। মাঠ থেকে সরিয়ে নিয়ে গিয়ে তড়িঘড়ি অ্যাম্বুল্যান্সে করে তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বেগরাজপুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহালের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার। জানা গিয়েছে, চার ভাইবোনের মধ্যে সে ছিল অন্যতম। নিহালের বাবার দাবি, ছেলের কোনও বড় শারীরিক সমস্যা বা অসুস্থতার ইতিহাস ছিল না। ফলে দৌড়তে গিয়ে আচমকা কী ভাবে তার এমন পরিণতি হল, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।

ঘটনার কথা স্বীকার করেছেন মুজফ্‌ফরনগরের প্রাথমিক শিক্ষা পরিষদের আধিকারিক সন্দীপ কুমারও। তাঁর বক্তব্য, স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়নোর সময় অসুস্থ হয়ে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা মনে করা হলেও ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


Share