Weather Update

শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’! আজ মাঝরাতেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা, পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কী প্রভাব?

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় ১০টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১১:৩৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। সোমবার ভোরেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯৫ থেকে ১০৫ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১১৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর চারটের মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে।

দক্ষিণ অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায়, ওঙ্গোলের কাছাকাছি ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছোতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। তবে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ নিয়ে পশ্চিমবঙ্গে আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।

সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও আকাশ পুরোপুরি মেঘলা হতে পারে। বিক্ষিপ্তভাবে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি তিন জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গেও সোমবার ও মঙ্গলবার আকাশের মুখ ভার থাকার সম্ভাবনা। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্তভাবে এক-দু’টি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা-সহ প্রায় ৯ থেকে ১০টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই জেলাগুলির দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলে আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি। তবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণ ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। ২ নভেম্বর সকাল থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ২ নভেম্বর সন্ধ্যা থেকে ৩ নভেম্বর দুপুর পর্যন্ত হাওয়ার গতিবেগ আরও বাড়তে পারে। তখন ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে। উত্তাল থাকবে সমুদ্রও।

পাশাপাশি, ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের উপকূলে সরাসরি কোনও সতর্কতা না থাকলেও সমুদ্রযাত্রার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


Share