Accident

পুজোর লাইনে আচমকা বিশৃঙ্খলা, বিহারের শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত আটজন, গুরুতর জখম ১২

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের মধ্যে আচমকা হুড়োহুড়ি শুরু হয়, এবং তার পরেই পদপিষ্টের ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বিহার
  • শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১২:৪৩

মঙ্গলবার ভোরে বিহারের নালন্দা জেলায় শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত আট জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনায় আরও ১২ জন গুরুতর জখম হয়েছেন।

প্রতি মঙ্গলবারই এই মন্দিরে বহু ভক্ত পুজো দিতে আসেন। এ দিন চৈত্র মাসের মঙ্গলবার হওয়ায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভিড় ছিল। পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের মধ্যে আচমকা হুড়োহুড়ি শুরু হয়। তার পরেই পদপিষ্টের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল নালন্দা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে দীপনগর থানা এলাকার মাঘরা গ্রাম। স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকার এসডিপিও সেখানে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

প্রশাসনের প্রাথমিক অনুমান, অতিরিক্ত ভিড়ের চাপ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঠিক কোন পরিস্থিতিতে হুড়োহুড়ি শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


Share