Election Commission

এসআইআরে দেড় কোটিরও বেশি ভোটারের নাম বাদ! চূড়ান্ত তালিকার আগে সংখ্যা আরও বাড়ার ইঙ্গিত নির্বাচন কমিশনের

অর্থাৎ, মোট ১৬টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে। এর মধ্যে এখনও পর্যন্ত ১২টি জায়গায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাগুলি বিশ্লেষণ করেই দেখা যাচ্ছে, ইতিমধ্যেই প্রায় দেড় কোটি ভোটারের নাম বাদ পড়েছে। কমিশনের মতে, পরবর্তী ধাপে এই সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ আগস্ট ২০২৬ ০৩:৩৩

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের তৃতীয় পর্বে এখনও পর্যন্ত প্রায় দেড় কোটি ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই সংখ্যা আরও বাড়তে পারে।

নির্বাচন কমিশন বিহারকে দিয়ে এসআইআরের প্রথম পর্ব শুরু করেছিল নির্বাচন কমিশন। দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়। বর্তমানে চলছে তৃতীয় পর্বের এসআইআর। এই পর্যায়ে দিল্লি, ওড়িশা, মিজোরাম, মণিপুর, সিকিম, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাব, কর্নাটক, তেলঙ্গানা, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। অর্থাৎ, মোট ১৬টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে। এর মধ্যে এখনও পর্যন্ত ১২টি জায়গায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাগুলি বিশ্লেষণ করেই দেখা যাচ্ছে, ইতিমধ্যেই প্রায় দেড় কোটি ভোটারের নাম বাদ পড়েছে। কমিশনের মতে, পরবর্তী ধাপে এই সংখ্যা আরও বাড়তে পারে।

বিভিন্ন কারণে নির্বাচন কমিশন পাঁচ রাজ্যে এসআইআরের যাচাই প্রক্রিয়ার সময়সীমা কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় রয়েছে দিল্লি, পঞ্জাব, তেলঙ্গানা, কর্নাটক এবং মহারাষ্ট্র। ফলে এই পাঁচ রাজ্যের খসড়া ভোটার তালিকা এখনও প্রকাশ করা হয়নি। অন্য দিকে, নাগাল্যান্ড ও ত্রিপুরায় ভোটার তালিকা যাচাইপ্রক্রিয়া শেষ হলেও কমিশন এখনও পর্যন্ত ওই দুই রাজ্যের খসড়া তালিকাও প্রকাশ করেনি।

কমিশনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ওই এলাকাগুলিতে মোট ভোটারের সংখ্যা ছিল ১৩ কোটি ৭৭ লক্ষ ২৭ হাজার ৮০৭। যাচাই প্রক্রিয়ায় মৃত, অন্যত্র চলে যাওয়া বা অনুপস্থিত-সহ বিভিন্ন কারণে এখনও পর্যন্ত নাম বাদ পড়েছে এক কোটি ৫৮ লক্ষ ৫৯ হাজার ৮৩৪ জনের। অর্থাৎ, ওই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ভোটারের প্রায় ১১.৫১ শতাংশের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে।

নির্বাচন কমিশনের মতে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে অন্ধ্রপ্রদেশে প্রায় ৪৪ লক্ষ ৮৯ হাজার। এর পরেই রয়েছে হরিয়ানা, যেখানে বাদ পড়েছে ৩৩ লক্ষ ৮৩ হাজার নাম। ওড়িশায় বাদ পড়েছে প্রায় ২০ লক্ষ ১২ হাজার ভোটারের নাম। অন্য দিকে, সবচেয়ে কম নাম বাদ পড়েছে সিকিমে ৩৭ হাজার ৭২৪।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি করে এসআইআর প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে তৎকালীন তৃণমূল সরকার অভিযোগ তুলেছিল। এই ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাতও চরমে পৌঁছেছিল। পরে এসআইআর সংক্রান্ত মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। একাধিক দফায় শুনানিও হয়। নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরেও যেসব ভোটারের নাম এখনও বিবেচনাধীন রয়েছে, তাঁদের আবেদনের নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধানে সেই প্রক্রিয়া চলছে।


Share