Ram Mandir

অযোধ্যার রামমন্দিরে ঢুকে নাশকতার চেষ্টা, গ্রেফতার জম্মু ও কাশ্মীরের যুবক

মকর সংক্রান্তির আগে রাম মন্দির চত্বরে নাশকতার ছক। ধৃত যুবক জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। সীতা রসুই এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই নিরাপত্তারক্ষীরা আটক করে। যুবককে পুলিশে হাতে তুলে দেওয়া হয়েছে।

রাম মন্দির
নিজস্ব সংবাদদাতা, অযোধ্যা
  • শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১২:৩৫

অযোধ্যার রামমন্দিরে ঢুকে নাশকতার ছক বানচাল। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। ওই যুবককে আটক করা হয়েছে। মকর সংক্রান্তি উপলক্ষে রাম মন্দিরে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যেই এই ঘটনা ঘটে। ফলে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, শুক্রবার সকালে আহমেদ শেখ নামে ওই যুবক রাম মন্দিরে প্রবেশ করে। প্রথমে মন্দির চত্বরে ইতিউতি ঘোরাঘুরি করে। এর এক পরিচিত সীতা রসুইয়ের কাছে গিয়ে বসে পড়ে। সেখানে নাশকতা করার প্রস্তুতি নিতে পারে এমন সন্দেহে বিষয়টি কয়েক জন দর্শনার্থীর নজরে আসে। তারাই  নিরাপত্তারক্ষীদের খবর দেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে মন্দির চত্বরের বাইরে নিয়ে যান।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, আহমেদ কাশ্মীরের শোপিয়ান এলাকার বাসিন্দা। তাঁর পোশাকেও কাশ্মীরি পরিচয় স্পষ্ট ছিল। কী উদ্দেশ্যে তিনি মন্দিরে প্রবেশ করেছিলেন, তা জানতে পুলিশ বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

উল্লেখ্য, রাম মন্দিরের ‘রেড জোন’-এ এনএসজি প্রশিক্ষিত প্রায় ১০০ জন বিশেষ নিরাপত্তাবাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি গোটা মন্দির চত্বরে সিআরপিএফ, উত্তরপ্রদেশ পুলিশ এবং পিএসি-র টিম নিয়মিত টহল দেয়। প্রবেশ ও প্রস্থান পথে কড়া নজরদারি রয়েছে। এ ছাড়াও, মন্দির চত্বর ঘিরে প্রায় চার কিলোমিটার দীর্ঘ সীমানা দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে। সেখানে অ্যান্টি-ড্রোন সিস্টেম, স্ক্যানার ও মেটাল ডিটেক্টর বসানো রয়েছে।


Share