Police Officer Killed In Blast

স্পেনে বিস্ফোরণ, গুলিতে জখম তরুণীকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু পুলিশ আধিকারিকের! ইসলামিক জঙ্গি যোগের সন্দেহ

স্পেন পুলিশের তরফে সমাজমাধ্যমের একটি পোস্ট করে মৃত আধিকারিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

স্পেনে রাস্তায় রাখা ব‍্যাগ থেকে বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০৭:৪৩

স্পেনে পরপর হিংসাত্মক ঘটনায় ছড়াল চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে এক তরুণীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। তার পর তদন্তের সময় বিস্ফোরণ হয়। সেই ঘটনায় পুলিশের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে স্পেনের অভিয়েদো শহরে ঘটে যাওয়া এই ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশ আধিকারিকের। মৃতের পুলিশ আধিকারিকের নাম হুয়ান হোসে। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন আরও এক পুলিশ আধিকারিক। গোটা ঘটনার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি করা হয়েছে, স্পেনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা নাগাদ অভিয়েদো শহরের ভিয়াফ্রিয়া এলাকায় এক তরুণীকে লক্ষ্য করে এক ব্যক্তি গুলি চালায়। গুলির আঘাতে গুরুতর জখম হন ওই তরুণী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশের স্পেশাল ইউনিটের আধিকারিকরা। তাঁদের উদ্দেশ্য ছিল, গুলিচালনার ঘটনার তদন্ত করা এবং আহত তরুণীকে ঘিরে পরিস্থিতি সামাল দেওয়া।

কিন্তু তদন্ত চলাকালীনই ঘটে যায় আরও একটি ঘটনা। সেই সময় পুলিশ আধিকারিকেরা রাস্তার ওপর একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটির ভিতরে কী রয়েছে, তা খতিয়ে দেখতে এগিয়ে যান তাঁরা। অভিযোগ, সেই সময় আচমকাই ব্যাগ থেকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় প্রাণ হারান পুলিশ আধিকারিক হুয়ান হোসে। গুরুতর আহত হন আরও এক পুলিশকর্মী।

কে বা কারা ওই বিস্ফোরক বোঝাই ব্যাগ সেখানে রেখে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। পরিকল্পিত হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে কোনও ইসলামিক জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, স্পেন পুলিশের তরফে সমাজমাধ্যমের একটি পোস্ট করে মৃত আধিকারিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা প্রকাশ করা হয়েছে।


Share