Pakistan Journalist Shot Dead

পাকিস্তানের টেলিভিশন সঞ্চালিকা রাবিয়া আহসানকে নিজের বাড়িতে গুলি করে খুনের অভিযোগ, আটক স্বামী

ডনের প্রতিবেদন অনুযায়ী, ওই দম্পতির বাড়িতে কর্মরত এক পুরুষ পরিচারকও পুলিশকে জানিয়েছেন, আহসান তাঁকে বলেছিলেন যে গুলিটি দুর্ঘটনাবশত চলেছিল।

পাকিস্তানের টেলিভিশন সঞ্চালিকা ও অনুষ্ঠান উপস্থাপক রাবিয়া আহসান।
নিজস্ব সংবাদদাতা, পাকিস্তান
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১০:০৯

পাকিস্তানের টেলিভিশন সঞ্চালিকা ও অনুষ্ঠান উপস্থাপক রাবিয়া আহসানকে রবিবার রাওয়ালপিন্ডির গুলশনাবাদ এলাকায় তাঁর নিজের বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা-র প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদের সময় স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন তাঁর স্বামী আহসান তাহির খান।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরই আহসান তাহির খানকে হেফাজতে নেয় পুলিশ। সিনিয়র পুলিশ আধিকারিকরা ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে ওই দম্পতির বাড়িতে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। পঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির দল ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করে। অন্য দিকে, রাবিয়া আহসানের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

তদন্তের সময় পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে, যেটিকে খুনে ব্যবহৃত অস্ত্র বলে সন্দেহ করা হচ্ছে। ডন-এর প্রতিবেদন অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় আহসান পুলিশকে জানান, পিস্তলটি নাড়াচাড়া করার সময় দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে যায়। তিনি আরও দাবি করেন, পিস্তলে গুলি ভরা ছিল। তা নিয়ে নাকি তিনি কিছুই জানতেন না।

ডনের প্রতিবেদন অনুযায়ী, ওই দম্পতির বাড়িতে কর্মরত এক পুরুষ পরিচারকও পুলিশকে জানিয়েছেন, আহসান তাঁকে বলেছিলেন যে গুলিটি দুর্ঘটনাবশত চলেছিল।

৪১ বছর বয়সি রাবিয়া আহসান বেসরকারি টেলিভিশন চ্যানেল ৯২ নিউজের সঞ্চালিকা ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিক আমির মতিন এবং রউফ ক্লাসরার সঙ্গে একটি কারেন্ট অ্যাফেয়ার্স অনুষ্ঠানও যৌথ ভাবে সঞ্চালনা করতেন তিনি।

রাবিয়া দুই কন্যাসন্তানের মা ছিলেন। তাঁর দুই মেয়ের বয়স যথাক্রমে ১৩ ও ১১ বছর। ডনের প্রতিবেদন অনুযায়ী, গুলি চলার সময় দুই মেয়ে তাদের মাতামহীর সঙ্গে বাড়ির লনে ছিল।

রাবিয়া আহসানের হত্যাকাণ্ডে পাকিস্তানের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এই ঘটনায় শোক ও বিস্ময় প্রকাশ করেছেন।

পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো জারদারিও এই হত্যাকাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করেছেন। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

পাশাপাশি, সম্প্রতি ডিজিটাল মিডিয়া এক্সিকিউটিভ হিনা জাভেদের হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেছেন আসিফা। গত অগস্টে রাওয়ালপিন্ডিতে নিজের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল হিনাকে। একই মহানগর এলাকায় কর্মজীবী মহিলাদের বিরুদ্ধে হিংসার ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

আসিফা জোর দিয়ে বলেছেন, মহিলারা যাতে নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে কোনও ভয় ছাড়াই স্বাধীনভাবে বাঁচতে এবং কাজ করতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


Share