Chinmoy Krisna Das

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে চার্জ গঠন করল চট্টগ্রাম আদালত

রাষ্ট্রদ্রোহিতার মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাঁর জামিনের আবেদন চট্টগ্রামের আদালতে নাকচ করে। তাঁকে কারাগারে পাঠানো হয়। তারপরেই বিক্ষোভ শুরু হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা, ঢাকা
ঢাকা
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৮:৫৮

আইনজীবী সাইফুল ইসলামের ওপর হামলা ও খুনের অভিযোগে এ বার চিনময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে চার্জ গঠন করল চট্টগ্রাম আদালত। দেশদ্রোহিতার অভিযোগে সে দেশের পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। তাঁর গ্রেফতারিতে বিক্ষোভের ঝড় আছড়ে পড়েছিল। বিক্ষোভের আঁচ এদেশেও এসে পড়েছিল। তবে সোমবার চিনময়কৃষ্ণ দাস-সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল চট্টগ্রাম আদালত।

রাষ্ট্রদ্রোহিতার মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাঁর জামিনের আবেদন চট্টগ্রামের আদালতে খারিজ হয়ে যায়। তাঁকে কারাগারে পাঠানো হয়। তার পরেই বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভ চলাকালীন আইনজীবী সাইফুল ইসলামের ওপর হামলা হয় বলে অভিযোগ ওঠে। ওই হামলাতেই সাইফুল ইসলাম খুন হন বলে পুলিশের অভিযোগ।

সোমবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল মহম্মদ জাহিদুল হক চার্জ গঠন করেন। এ দিন সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশ প্রিজন ভ্যানে করে অভিযুক্তদের জেল থেকে আদালতে হাজির করানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, মামলায় ৩৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬ জন এখনও পলাতক। 

চার্জ গঠনের শুনানি ঘিরে আদালত ভবন ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। টেরি বাজার, লালদিঘির পাড়, জেল রোড, কোতোয়ালি মোড়, জহুর হকার মার্কেট, হাজারি গলি এবং কেসি দে রোড-সহ আশপাশের এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

সকাল সাড়ে ৮টা নাগাদ আদালত ভবনের মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। আইনজীবী, আদালতের কর্মী ও সংবাদমাধ্যমের কর্মীদের পরিচয়পত্র দেখিয়ে আদালতে ঢুকতে দেওয়া হয়।


Share