Sydney Attacked

অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ইসলামি জঙ্গি হামলা, ইহুদিদের ওপর এলোপাথাড়ি গুলিতে মৃত্যু অন্তত ১২ জনের, নাভেদ আক্রমকে খুঁজছে পুলিশ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ্ বলেন, “হনুকা প্রথম দিনে নিরিহ ইহুদি অস্ট্রেলিয়ানদের ওপর এটি একটি লক্ষ্যভিত্তিক হামলা। যা হওয়ার কথা ছিল আনন্দের দিন, সেটিই রক্তাক্ত হয়ে উঠেছে।” তিনি আরও বলেন, “আমাদের দেশে ঘৃণা, হিংসা এবং সন্ত্রাসবাদের কোনও স্থান নেই।”

ইসলামিক জঙ্গি নাভেদ আক্রম।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১০:০৪

সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলাকালীন ইসলামিক জঙ্গি হামলা। এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ১২ জন। জখম হয়েছেন বেশ কয়েক জন। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের গুলিতে একজন জঙ্গি নিকেশ হয়েছে। অন্যজনকে গুরুতর জখম অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

ইতিমধ্যেই এক ইসলামিক জঙ্গির পরিচয় সামনে এসেছে। তার নাম নাভেদ আক্রম। নাভেদ সিডনির বনিরিগ এলাকার বাসিন্দা। তার আদি বাড়ি পাকিস্তানের লাহোরে। সিডনির আল-মুরাদ ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন তিনি। পাকিস্তানের ক্রিকেট দলের জার্সি পরা নাভিদের একটি ছবিও প্রকাশ্যে এসেছে। জেরুজালেম পোস্ট-ও নাভিদকে পাকিস্তানি বলে দাবি করেছে। তদন্তের স্বার্থে সিডনির বনিরিগে তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

রবিবার সন্ধ্যায় সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হানুকা উৎসব ‘‘চানুকাহ বাই দ্য সি’ অনুষ্ঠান চলাকালীন আচমকাই দুই ইসলামিক জঙ্গি এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে। একের পর এক মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশু এবং একজন পুলিশকর্মী রয়েছেন। ঘটনায় ২৯ জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। 

এর পরেই পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে এক ইসলামিক জঙ্গি ঘটনাস্থলেই নিকেশ হয়েছে। আরেক জন গুরুতর জখম হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। তবে ইসলামিক জঙ্গি নাভেদ আক্রম মৃত না জীবিত তা নিশ্চিত করেনি প্রশাসন। 

সংবাদসংস্থার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইহুদিদের উৎসবে হামলার পরিকল্পনা কয়েক মাস ধরেই চলছিল। ইসলামিক জঙ্গিরা সম্ভাব্য আইইডি ব্যবহার করে নাশকতার পরিকল্পনা করেছিল। এমনকি এ দিন একটি পথচারী সেতুর নীচে বিস্ফোরক লুকিয়ে রাখার খবর পায় পুলিশ। তা যাচাই করতে পুরো এলাকা তল্লাশি করা হচ্ছে।

ইহুদিদের ওপর ইসলামিক জঙ্গি হামলার ঘটনায় নিন্দা করেছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ্। তিনি বলেন, “হনুকা প্রথম দিনে নিরিহ ইহুদি অস্ট্রেলিয়ানদের ওপর এটি একটি লক্ষ্যভিত্তিক হামলা। যা হওয়ার কথা ছিল আনন্দের দিন, সেটিই রক্তাক্ত হয়ে উঠেছে।” তিনি আরও বলেন, “আমাদের দেশে ঘৃণা, হিংসা এবং সন্ত্রাসবাদের কোনও স্থান নেই।” হামলার পর তিনি জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকেন।


Share