Assembly Election

১৫২ কেন্দ্রে তিন কোটির বেশি ভোটার, প্রথম দফার নির্বাচনের আগে প্রকাশিত হল ভোটার তালিকা

তবে কমিশন এখনও পর্যন্ত জানায়নি এই কেন্দ্রগুলিতে মোট ভোটার সংখ্যা কতটা কমেছে বা বেড়েছে, কিংবা ফর্ম ৬-এর মাধ্যমে কত নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। একইভাবে, ফর্ম ৭-এর ভিত্তিতে কত নাম বাদ পড়েছে, সেই সম্পর্কেও কোনও সামগ্রিক তথ্য প্রকাশ করা হয়নি।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০১:১২

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচন আগামী ২৩ এপ্রিল। ওই দিন ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তার আগে নির্বাচন কমিশন ওই কেন্দ্রগুলির ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ১৫২টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১। এর মধ্যে পুরুষ ভোটার এক কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬, মহিলা ভোটার এক কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৬৫ জন।

তবে কমিশন এখনও পর্যন্ত জানায়নি এই কেন্দ্রগুলিতে মোট ভোটার সংখ্যা কতটা কমেছে বা বেড়েছে, বা ফর্ম ৬-এর মাধ্যমে কত নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। একই ভাবে, ফর্ম ৭-এর ভিত্তিতে কত নাম বাদ পড়েছে।

নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের ওয়েবসাইটে ‘এসআইআর ফাইনাল রোল রিভিশন–২’ বিভাগে গিয়ে প্রতিটি কেন্দ্রের বিস্তারিত ভোটার তালিকা দেখা যাচ্ছে। এমনকী, বুথভিত্তিক তথ্যেও প্রবেশ করা সম্ভব, যেখানে সংশ্লিষ্ট বুথের ভোটারদের বিস্তারিত তথ্য পাওয়া যায়।

যদিও বুথভিত্তিক তালিকায় খসড়া প্রকাশের পর কতজন নতুন ভোটার যুক্ত হয়েছেন বা বিবেচনাধীনের পর কত নাম বাতিল হয়েছে, সেই তথ্য উল্লেখ রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফর্ম ৬-এর মাধ্যমে নতুন ভোটার হিসেবে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের একটি বড় অংশের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল নিজেও এই বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, নিষ্পত্তি না হওয়ায় বহু আবেদনকারী এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি।

এখন মূল প্রশ্ন অ্যাজুডিকেশন বা বিচারাধীনের তালিকায় যাঁদের নাম ঝুলে রয়েছে এবং যাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাইবুনাল। তাঁদের নাম কি প্রথম দফার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে? এই বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানিতে গুরুত্বপূর্ণ দিশা মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ট্রাইবুনালের কার্যপ্রণালী খতিয়ে দেখতে রবিবার কলকাতার জোকার ‘শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে’ যাওয়ার কথা রয়েছে কলকাতা হাই কোর্টের কয়েক জন বিচারপতি এবং ট্রাইবুনালের অবসরপ্রাপ্ত বিচারপতিদের।


Share