IPS Posting

১৬ মাস পরে কলকাতার অপরাধ দমনে ‘ফুল টাইমার’ পেল লালবাজার, ১২ জন আইপিএস অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন

আরজি কর ঘটনার সময় কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) ছিলেন মুরলীধর শর্মা। আন্দোলনের চাপে পড়ে গত ২০২৪ সালের ২০ নভেম্বর নবান্ন তাঁকে সরিয়ে সরিয়ে দেয়। তার পর থেকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) পদে সম্পূর্ণ দায়িত্বে কাউকে নিয়োগ করেনি রাজ্য সরকার।

১২ জন আইপিএসের বদলি করল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৬:১৪

১৬ মাস ২২ দিন পরে ‘ফুল টাইম’ শহরের অপরাধ দমনের দায়িত্বে নিযুক্ত করা হল পুলিশকর্তাকে। সৌজন‍্যে নির্বাচন কমিশন। এত দিন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার অপরাধ সংক্রান্ত বিষয়টি দেখতেন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) করা হল সোমা দাসমিত্রকে। তিনি এর আগে রাজ‍্য পুলিশের সিআইডিতে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

আরজি কর ঘটনার সময় কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) ছিলেন মুরলীধর শর্মা। আন্দোলনের চাপে পড়ে গত ২০২৪ সালের ২০ নভেম্বর নবান্ন তাঁকে সরিয়ে সরিয়ে দেয়। তার পর থেকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) পদে সম্পূর্ণ দায়িত্বে কাউকে নিয়োগ করেনি রাজ্য সরকার। আইপিএস অফিসার রূপেশ কুমার এত দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে তা পালন করেছিলেন। সেই পদেই আনা হল আইপিএস অফিসার সোমা দাসমিত্রকে। তিনি এর আগে রাজ্য পুলিশের সিআইডিতে ডিআইজি ছিলেন।

শনিবার বিকেলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তাতে ১২ জন আইপিএস অফিসারের বদলিতে সিলমোহর দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (প্রধান কার্যালয়) মিরাজ খালিদকেও সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আইপিএস অফিসার সুদীপ সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে রাজ‍্য পুলিশের ডিআইজি (পার্সোনেল) পদে কর্মরত ছিলেন।

অন‍্য দিকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ইন্টেলিজেন্স) সৌম রায়কেও বদলি করে দেওয়া হয়েছে। সৌম রায়ের স্ত্রী অরুন্ধতী লাভলি মৈত্র তৃণমূলের প্রার্থী। নির্বাচনে যাতে পক্ষপাতমুক্ত হয় তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ইন্টেলিজেন্স) করা হয়েছে দেবস্মিতা দাস-কে। তিনি এর আগে রাজ‍্য পুলিশের এসটিএফে কর্মরত ছিলেন।

মালদহের প্রাক্তন পুলিশ সুপার প্রদীপকুমার যাদবকে ডেপুটি কমিশনার (উত্তর) করা হয়েছে। অভিষেক মোদীকে ডেপুটি কমিশনার (দক্ষিণ-পূর্ব) থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই দায়িত্বে এসেছেন সৈকত ঘোষ। তিনি এর আগে ভাঙড়ের ডেপুটি কমিশনার ছিলেন। ভাঙড়ের ডেপুটি কমিশনার হয়েছেন মণীশ যোশী। তিনি এর আগে বিধাননগরের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার ছিলেন।

বিদিতরাজ বুন্দেশকে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) পদ থেকে অপসারণ করা হয়েছে। নতুন ডেপুটি কমিশনার (পূর্ব) করা হয়েছে প্রশান্ত চৌধুরীকে। প্রশান্ত এর আগে রাজ্য পুলিশের কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সে ছিলেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (প্রধান কার্যালয়) করা হয়েছে ইন্দ্রজিৎ সরকারকে। রানা মুখোপাধ্যায়কে শিলিগুড়ির ডেপুটি কমিশনার (পূর্ব) করা হয়েছে। চন্দন ঘোষকে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে আনা হয়েছে। আনন্দজিৎ হোর-কে বেলডাঙার এসডিপিও করা হয়েছে। তিনি এর আগে হাওড়া পুলিশ কমিশনারেটের এসিপি পদে কর্মরত ছিলেন।


Share