Accident

তিস্তা পার হতে গিয়েই বিপদ! প্রচার শেষে নিখোঁজ বিজেপি কর্মী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে প্রায় ২০ জন বিজেপি কর্মীর একটি দল হেলাপাকড়ি এলাকা থেকে তিস্তা নদী পেরিয়ে ফুলিয়ার চরে ভোট প্রচারে যান। প্রচার শেষে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ফেরার সময় বেশিরভাগ কর্মী নৌকায় নদী পার হন।

চলছে তল্লাশি
নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়ি
  • শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৩:২০

ভোটের মুখে প্রচার সেরে বাড়ি ফেরার পথে ঘটে গেল দুর্ঘটনা। তিস্তা নদীর চরে দলীয় প্রচার চালিয়ে ফেরার সময় নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক বিজেপি কর্মী। নিখোঁজ ব্যক্তির নাম অমল রায় (৩৫)। তাঁর বাড়ি ময়নাগুড়ির হেলাপাকড়ি সংলগ্ন বৈকুর গৌর গ্রাম এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অমল রায়ের সন্ধানে তিস্তা নদীতে তল্লাশি শুরু করেছে পুলিশ ও সিভিল ডিফেন্স।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে প্রায় ২০ জন বিজেপি কর্মীর একটি দল হেলাপাকড়ি এলাকা থেকে তিস্তা নদী পেরিয়ে ফুলিয়ার চরে ভোট প্রচারে যান। প্রচার শেষে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ফেরার সময় বেশিরভাগ কর্মী নৌকায় নদী পার হন। তবে অমল রায়-সহ আরও দুই কর্মী হেঁটে নদী পার হওয়ার সিদ্ধান্ত নেন। নদীর মাঝপথে হঠাৎ প্রবল স্রোতে পড়ে যান অমল এবং সেখানেই তলিয়ে যান। অন্য দুইজন কোনওরকমে তীরে উঠতে সক্ষম হলেও অমলের আর খোঁজ মেলেনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় ময়নাগুড়ি থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। নিখোঁজ ব্যক্তির সন্ধানে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় নদীতে। ঘটনাস্থলে পৌঁছান ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী রামমোহন রায় এবং বিজেপির স্থানীয় নেতৃত্ব। নিখোঁজ অমলের বাবা দীনেশ রায় কান্নায় ভেঙে পড়ে জানান, প্রচার থেকে ফেরার সময়ই তাঁর ছেলে নদীতে তলিয়ে যায়, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও কোনও খোঁজ মেলেনি।

বিজেপির দক্ষিণ মণ্ডল সভাপতি বলেন, “দলীয় প্রচারে বেরিয়ে আমাদের একজন সক্রিয় কর্মী নিখোঁজ হয়েছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং পরিবারের পাশে আছি।” অন্যদিকে, তৃণমূল প্রার্থী রামমোহন রায় বলেন, “খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে এসেছি। পুলিশ ও উদ্ধারকারী দল চেষ্টা চালাচ্ছে, কিন্তু রাত পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।” অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হলেও পুলিশি টহল জারি রয়েছে।


Share