Arpita Ghosh

বালুরঘাটে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ, সাত বছরে চারগুণ সম্পত্তি বৃদ্ধি, তবু নিজের নামে নেই বাড়ি!

হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর কাছে নগদ রয়েছে ৪৫ হাজার টাকা। বিভিন্ন ব্যাঙ্কে সঞ্চয় রয়েছে স্থায়ী আমানত ও সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে।

অর্পিতা ঘোষ
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
  • শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১১:০৭

২০১৯ সালে দ্বিতীয় বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময়ের তুলনায় ২০২৬ সালে বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সম্পত্তিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। তাঁর হলফনামা অনুযায়ী, গত সাত বছরে অস্থাবর সম্পত্তি প্রায় চার গুণ বেড়েছে। তবে নাট্যকর্মী ও প্রাক্তন সাংসদ হওয়া সত্ত্বেও তাঁর নিজের নামে কোনও বাড়ি নেই। রয়েছে একটি মাত্র গাড়ি।

৫৯ বছর বয়সী অর্পিতা কলকাতার বেহালার বাসিন্দা। হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর কাছে নগদ রয়েছে ৪৫ হাজার টাকা। বিভিন্ন ব্যাঙ্কে সঞ্চয় রয়েছে স্থায়ী আমানত ও সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে। এ ছাড়া, শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে তাঁর বিনিয়োগ প্রায় সাড়ে সাত লক্ষ টাকা রয়েছে। জীবনবীমাও রয়েছে তাঁর নামে।

২০২০ সালে কেনা একটি চারচাকা গাড়ি রয়েছে অর্পিতার, যার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। তাঁর কোনও গয়নাগাটি নেই। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি ২২ লক্ষ টাকারও বেশি।

নিজের নামে কোনও কৃষিজমি বা পৈতৃক সম্পত্তি নেই বলেই জানিয়েছেন তিনি। এমনকী, তাঁর নামে কোনও বাড়িও নেই। ঋণও নেই তাঁর।

সম্পত্তি বৃদ্ধির হিসেব অনুযায়ী, ২০১৪ সালে প্রথমবার নির্বাচনে দাঁড়ানোর সময় তাঁর মোট সম্পত্তি ছিল পাঁচ লক্ষ ৪৪ হাজার টাকা। পরবর্তীতে সাংসদ নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালের হলফনামায় সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৮ লক্ষ ২৪ হাজার টাকায় অর্থাৎ প্রায় পাঁচ গুণ বৃদ্ধি। আর ২০২৬ সালের হিসেবে তাঁর অস্থাবর সম্পত্তি পৌঁছেছে এক কোটি ২২ লক্ষ টাকায়, যা গত কয়েক বছরে ধারাবাহিক বৃদ্ধিরই ইঙ্গিত দেয়। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ন'লক্ষ ২২ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, অর্পিতা ১৯৮৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে তাঁর বিরুদ্ধে কোনও মামলা নেই।


Share