Assembly Election

মুখ্যমন্ত্রী মমতার জনসভা থেকে ফেরার পথে বিপত্তি, কীটনাশককে ওআরএস ভেবে পান করে হাসপাতালে ভর্তি ১৭ জন তৃণমূল কর্মী

ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি অনুরূপ পাখিরা জানান, কীটনাশক খাওয়ার কারণে বিষক্রিয়া হয়েছে।তার জেরেই তাঁরা অসুস্থ হয়েছেন। তিনি বলেন, “কীটনাশক মেশানো জল পান করার ফলে সকলে অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত প্রত্যেকের চিকিৎসা চলছে।”

অসুস্থ কর্মীদের হাসপাতালে চিকিৎসা চলছে।
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম
  • শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১২:২৭

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা শেষে বাসে বাড়ি ফেরার পথে ঘটল বিপত্তি। কীটনাশক গোলা জলকে ওআরএস ভেবে পান করে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের কর্মীরা। স্থানীয় সূত্রের খবর, ১৭ জন তৃণমূল কর্মী অসুস্থ হয়েছেন। তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু আশ্বাস দিয়ে জানান, অসুস্থ কর্মীদের চিকিৎসার কোনও ত্রুটি হবে না।

শনিবার ঝাড়গ্রামের চার প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বিকেলে সেখান থেকেই বাসে চেপে নিজের গন্তব্যে ফিরছিলেন। অনুমান, কোনও কর্মী দোকান থেকে কীটনাশক কিনে বাসে রেখেছিলেন। সেই কীটনাশককে ওআরএস ভেবে জলের সঙ্গে মিশিয়ে কয়েক জন দলীয় কর্মী তা পান করেন। এর পরেই একের পর এক অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় তৃণমূল সূত্রের খবর, বিষক্রিয়ায় ১৭ জন দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁদেরকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

খবর পেয়ে তৃণমূল নেতারা হাসপাতালে ছুটে যান। ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী মঙ্গল সোরেন অসুস্থ কর্মীদের সঙ্গে দেখা করেন। এই ঘটনার প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন, “দল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। অসুস্থদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হবে।”

ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি অনুরূপ পাখিরা জানান, কীটনাশক খাওয়ার কারণে বিষক্রিয়া হয়েছে।তার জেরেই তাঁরা অসুস্থ হয়েছেন। তিনি বলেন, “কীটনাশক মেশানো জল পান করার ফলে সকলে অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত প্রত্যেকের চিকিৎসা চলছে।”


Share