Mamata Banerjee

ভবানীপুরে লড়াইয়ের আগে চমক! সম্পত্তি কমে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের, হাতে মাত্র ৭৫ হাজার নিয়ে ভোটযুদ্ধ

২০২১ সালে নন্দীগ্রামে পরাজিত হন তিনি। এরপর ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়ে তিনি পুনরায় মুখ্যমন্ত্রী হন। সেই সময় শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর আসন ছেড়ে দিয়েছিলেন এবং পরে খড়দহ থেকে উপনির্বাচনে জয়লাভ করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৯:১১

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরের তৃণমূল প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণেই বুধবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর হলফনামায় দেখা যাচ্ছে, পূর্বের তুলনায় এ বছর সম্পত্তি কমে গিয়েছে। ২০২১ সালে নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। সেই সময়ে তাঁর কিছু বিনিয়োগ ছিল, যা বর্তমানে আর নেই। হাতে মাত্র ৭৫ হাজার ৭০০ টাকা নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন মুখ্যমন্ত্রী।

২০২১ সালে নন্দীগ্রামে পরাজিত হন তিনি। এরপর ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়ে তিনি পুনরায় মুখ্যমন্ত্রী হন। সেই সময় শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর আসন ছেড়ে দিয়েছিলেন এবং পরে খড়দহ থেকে উপনির্বাচনে জয়লাভ করেন। এ বার মমতা ভবানীপুর থেকেই প্রার্থী হয়েছেন, আর শোভনদেবকে প্রার্থী করা হয়েছে বালিগঞ্জে। অন্যদিকে, বিজেপি শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী করেছে, ফলে এ বারও দু’জনের মধ্যে রাজনৈতিক লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

মমতা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে কোথাও কোনও অপরাধের রেকর্ড নেই। তাঁর নামে কোনও থানায় এফআইআর দায়ের হয়নি। ফলে কোনও মামলাতে তাঁর বিরুদ্ধে চার্জ গঠনেরও প্রশ্ন নেই। ২০২১ সালেও মমতার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। কোনও অপরাধের সঙ্গে তাঁর নাম জড়ায়নি।

মুখ্যমন্ত্রীর হলফনামা অনুযায়ী, তাঁর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে ১২ লক্ষ ৭৬ হাজার ২০৯ টাকা। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা। কলকাতার কালীঘাটের ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট তাঁর ঠিকানা হলেও তাঁর নিজের নামে কোনও বাড়ি বা গাড়ি নেই, এমনকি কোনও স্থাবর সম্পত্তিও নেই। তাঁর কোনও ঋণও নেই।

২০২১ সালে তাঁর হাতে নগদ ছিল ৬৯ হাজার ২৫৫ টাকা এবং ব্যাঙ্কে ছিল ১৩ লক্ষ ৫৩ হাজার ৩৫৬ টাকা। এছাড়া ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ১৮ হাজার ৪৯০ টাকা বিনিয়োগ করেছিলেন। তখন তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা। অর্থাৎ, গত পাঁচ বছরে তাঁর সম্পত্তি কমেছে এক লক্ষ ৩৪ হাজার ৮৪৩ টাকা। এ ছাড়া, মমতার ন'গ্রাম ৭৫০ মিলিগ্রাম গয়না রয়েছে। ২০২১ সালে তার বাজারদর ছিল ৪৩ হাজার ৮৩৭ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে এক লক্ষ ৪৫ হাজার টাকা। মমতা জানিয়েছেন, রাজনীতি এবং সমাজসেবাই তাঁর পেশা। রয়্যালটি এবং ব্যাঙ্কের সুদ থেকে রোজগার হয়।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে মমতা জানিয়েছেন, ১৯৭০-এ দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগমায়া দেবী কলেজ থেকে ১৯৭৪-এ স্নাতক এবং ১৯৭৭-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। ওই বিশ্ববিদ্যালয়েরই অধীনে ১৯৮২ সালে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে আইনে স্নাতক হন মমতা।


Share