Assembly Election

তৃণমূলের দুর্নীতির দোকান বন্ধ হবে, জাল নথি যাঁরা বানিয়েছেন তাঁদেরও হিসেব হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

রাজ্যে কয়েক বছরে ঘটে যাওয়া হিংসার ঘটনা, রাজনৈতিক হিংসার ঘটনা নিয়েও ব‍্যবস্থা নেওয়া হবে। যাঁরা এই সমস্ত ঘটনায় সামিল হয়েছেন, তাঁদেরকে সামনে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০২:৫৫

গত অনুপ্রবেশ নিয়ে একাধিক মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরে শনিবার তা নিয়ে আরেক ধাপ এগিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদী। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা তল্পিতল্পা বেঁধে ফেলুন। এখান থেকে তাঁদের যেতেই হবে। তিনি এ-ও জানান, যাঁরা তাঁদের এখানকার নথিপত্র বানিয়ে দিয়েছেন, তাঁদেরও হিসেব হবে।

শনিবার সকালে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে নির্বাচনী জনসভা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল বিজেপি ঘোষণাপত্র প্রকাশ করেছে বিজেপি। তাতে রাজ্যের অনুপ্রবেশ ইস‍্যুকে একেবারে প্রথমে রাখা হয়েছে। সেই সমস‍্যাকে সামনে রেখে প্রধানমন্ত্রী মোদী বলেন, “যাঁরা ভারতে অনুপ্রবেশ করে এসেছেন, তল্পিতল্পা বেঁধে রাখুন।” মোদী স্পষ্ট জানান, বিজেপি ক্ষমতায় আসবে। তার পরেই তাঁদেরকে ভারত ছাড়া করা হবে। প্রধানমন্ত্রী এ-ও জানান, এই সব অনুপ্রবেশকারীদের যাঁরা ভারতীয় নথিপত্র করে দিয়েছে, এ দেশে যাঁরা তাঁদেরকে বসবাসের জন্য সহায়তা করেছেন তাঁদেরও হিসেব হবে।

রাজ্যে কয়েক বছরে ঘটে যাওয়া হিংসার ঘটনা, রাজনৈতিক হিংসার ঘটনা নিয়েও ব‍্যবস্থা নেওয়া হবে। যাঁরা এই সমস্ত ঘটনায় সামিল হয়েছেন, তাঁদেরকে সামনে নিয়ে আসা হবে। প্রধানমন্ত্রী জানান, এই সংক্রান্ত ঘটনার তদন্তের জন‍্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটি কমিশন গঠন করা হবে।

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণাপত্র অনুযায়ী বলেন, রাজ্যে ভয় নয় ভরসাকে প্রতিষ্ঠা করতে হবে। তাঁর বক্তব্য, “বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের মানুষের ভালবাসা দেখে তৃণমূল প্যানিক করছে। তাই একের পর এক মিথ্যে বলছে। বলছে, বিজেপি এলে বর্তমানের সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে। আপনারা লিখে রাখুন। কোনও প্রকল্প বন্ধ হবে না। বরং তৃণমূল যে দুর্নীতির দোকান খুলেছে তা বিজেপি ক্ষমতায় এলে বন্ধ করা হবে। এদের লুটপাট বন্ধ করা হবে।” 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, “বিজেপি ক্ষমতায় এলে সব শূন্যপদ পূরণ করা হবে। তৃণমূলের দুর্নীতির জন্য সরকারি চাকরির বয়স পেরিয়ে গিয়েছে যাঁদের, তাঁদের বিশেষ ছাড় দেওয়া হবে। অন্য রাজ্যের মতো এ রাজ্যেও রোজগার মেলার আয়োজন হবে। আমি গ্যারান্টি দিচ্ছি, রাজ‍্যের কর্মঠ সরকারি চাকুরিজীবীদের সপ্তম পে কমিশনের সুবিধা দেওয়া হবে।” আগামী ৪ মের পর বিজেপির মুখ্যমন্ত্রী যখন শপথ নেবেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাজ‍্যে ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ চালু হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Share