Murder Case

প্রকাশ্য দিবালোকে আইনজীবীকে গুলি করে খুন, সিসিটিভি ক্যামেরাই ধরিয়ে দিল দুষ্কৃতীকে

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। একই সঙ্গে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে তদন্তকারী দল।

প্রকাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ।
নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর
  • শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৩:২২

উত্তরপ্রদেশের মির্জাপুরে প্রকাশ্য দিবালোকে এক আইনজীবীকে গুলি করে খুন। অভিযোগ দু'ই দুষ্কৃতীর বিরুদ্ধে। নিহত আইনজীবীর নাম রাজীব সিংহ। শনিবার সম্পূর্ণ ঘটনা এলাকার সিসিটিভি ক্যামেরায় ঘটনা ধরা পড়েছে। আইনজীবীকে গুলি করে পালানোর সময়ে ফাঁপরে পড়ে দুই আততায়ী। যে দুষ্কৃতী বাইক চালাচ্ছিল, সে অনেক চেষ্টা করেও বাইক স্টার্ট করতে পারছিল না। বেশ কিছু ক্ষণের কসরতে অবশেষে বাইক চালু হয় এবং দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

সূত্রের খবর, প্রতিদিনের মতো এ দিন রাজীব মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। সেই সময়ে বাইকে চড়ে দুই দুষ্কৃতী তাঁর পথ আটকায়। একজন বাইক থেকে নেমে রাজীবকে লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন রাজীব। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরে বাইক স্টার্ট করতে দেরি হচ্ছিল। সেই ফাঁকে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাঁদের ভয় দেখায় ও প্রাণে মারার হুমকি দেয়। যার ফলে তাঁরাও দুষ্কৃতীদের কাছে ঘেঁষতে সাহস পাননি। এর পরে বেশ কয়েক বার চেষ্টার পরে অবশেষে বাইক চালু হয় এবং দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। একই সঙ্গে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে তদন্তকারী দল। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পুরোনো কোনও শত্রুতার জেরেই ওই আইনজীবীকে খুন করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির আশ্বাস দিয়েছে মির্জাপুরের পুলিশ।


Share