Mamata Banerjee

'আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে শুনেছি', খণ্ডঘোষের জনসভা থেকে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

তিনি বলেন, “অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে।” একই সঙ্গে তিনি আরোও বলেন, “আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে শুনেছি। খবর আমরাও পাই।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১০:২৩

ভোটের আগে তৃণমূল নেতা-কর্মীদের ধরপাকড়ের আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে এক জনসভা থেকে তিনি বলেন, “অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে।” একই সঙ্গে তিনি আরোও বলেন, “আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে শুনেছি। খবর আমরাও পাই।”

সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা ও মন্ত্রীকে তলব করেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় ডাকা হয়েছে রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী তথা বর্তমান প্রার্থী সুজিত বসু ও রথীন ঘোষকে। এছাড়া জমি সংক্রান্ত মামলায় তৃতীয়বার তলব করা হয়েছে রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমারকে। তবে ইডির এই তৎপরতার সঙ্গে মুখ্যমন্ত্রীর ‘অপারেশন’ মন্তব্যের সরাসরি যোগ আছে কি না, তা তিনি স্পষ্ট করেননি।

খণ্ডঘোষের সভা থেকে দলীয় কর্মীদের ইভিএম ও ভোট গণনা নিয়ে সতর্ক থাকার বার্তাও দেন তিনি। তাঁর কথায়, “ভোটের মেশিন নিয়ে খুব সাবধান। এদের প্ল্যান হল স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে। বুঝতেই পারছেন আমাদের কাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন।”

এদিন বাঁকুড়ার ছাতনায় অন্য একটি সভায় দলীয় নেতা-কর্মীদের বাইরে খাবার খাওয়া নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভোটের সময় দেখে দেখে খাবেন। বাইরে যে যা দেবে, খাবেন না।’’ তিনি আরোও বলেন, "আমি বাইরে কিছু খাই না। যে কোনও কিছু বাইরে খাওয়ার আগে দেখে নেবেন, ঠিক জিনিসটা খাচ্ছেন কি না। বিশেষ করে রাজনীতিক, ডাক্তার, প্রশাসনিক কর্তারা, উল্টোপাল্টা জিনিস খাবেন না। কারণ, তাঁদের কাজ ২৪ ঘণ্টার। যে কোনও সময় কাজ করতে হয়। তাঁদের যাতে কেউ বিষাক্ত খাবার দিতে না-পারে।’’

খণ্ডঘোষের সভায় হুমায়ুন কবীরকে ঘিরে বিতর্কিত ভিডিয়ো নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, “দেখছেন তো একটা পার্টিকে ভাগ করার জন্য ১০০০ কোটি টাকার ডিল (চুক্তি) করেছে। বলছে, ভিডিয়োটি না কি আর্টিফিশিয়াল।” তার পরেই হুমায়ুন এবং মোদীর নাম না-করে তাঁর সংযোজন, “যে করেছে সে বলছে ভিডিয়োটি সত্যি। বলছি, কত শাক দিয়ে মাছ ঢাকবেন? অনেক টাকা না? যখন গ্যাসের টাকা বাড়ে, তখন তো কমান না! পেট্রলের দাম বাড়ে, কমান না।”


Share