Weather Update

আগামী পাঁচ দিনে বৃদ্ধি পাবে তাপমাত্রা, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, উত্তরবঙ্গেও পারদ বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১১:০৯

টানা চার দিন রাজ্যে বৃষ্টিপাত হয়েছে। তারপরই তাপমাত্রা ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে। রাজ্যে আপাতত গরম ও শুষ্ক আবহাওয়া। বৈশাখ মাসের আগেই বাড়বে তাপমাত্রা এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আগামী সাতদিন বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী সপ্তাহের শুরু থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা। ১৩ থেকে ১৬ এপ্রিল দাবদাহে পুড়বে পশ্চিমের জেলাগুলি। শনি ও রবিবার দু’দিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গে উইকেন্ডে শুষ্ক আবহাওয়া থাকবে। ক্রমেই গরম এবং অস্বস্তি বাড়বে। শনিবার থেকে সোমবার ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃহস্পতিবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বেশ কিছু জেলাতে।

সোমবার ও মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জারি আলিপুর আবহাওয়া দফতরের।বুধবার এবং বৃহস্পতিবার গরম ও অস্বস্তি আরও বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা থাকবে। এই পর্বে বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জায়গায় সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বিকেল বা সন্ধ্যার দিকে।

উত্তরবঙ্গে শনিবার ও আগামিকাল রবিবার শুধুমাত্র উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে এবং তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা-সহ বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।

কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।


Share