DA

ডিএ পাওয়ার পথে অগ্রগতি, তবু বঞ্চিত শিক্ষক-শিক্ষাকর্মীরা, নতুন নির্দেশ নবান্নের

বকেয়া ডিএ কীভাবে দেওয়া হবে, তার রূপরেখা তৈরির জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরির নির্দেশ দিয়েছিল নবান্ন।

নবান্ন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০২:২২

রাজ্যের একাংশ সরকারি কর্মী ইতিমধ্যেই বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) একটি অংশ পেয়েছেন। তবে এখনও শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, পুরসভা ও পঞ্চায়েত দফতরের কর্মীরা সেই বকেয়া পাননি। এই পরিস্থিতিতে বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়া আরও একধাপ এগোল।

বকেয়া ডিএ কীভাবে দেওয়া হবে, তার রূপরেখা তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরির নির্দেশ দিয়েছিল নবান্ন। শনিবার অর্থ দফতরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১৩ এপ্রিলের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর ১ এপ্রিল যাঁরা বকেয়া পাননি, তাঁদের ডিএ মেটানো নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই স্কুল ও উচ্চশিক্ষা দফতরকে নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণের জন্য এসওপি তৈরির নির্দেশ দেওয়া হয়। বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে অর্থ দফতর জানতে চেয়েছে, ঠিক কীভাবে এবং কোন প্রক্রিয়ায় বকেয়া ডিএ প্রদান করা হবে।

ইতিমধ্যেই উচ্চশিক্ষা দফতর রাজ্যের সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুলে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে। পাশাপাশি অর্থ দফতর স্কুল ও উচ্চশিক্ষা দপ্তরকে সোমবারের মধ্যে সম্ভাব্য ব্যয়ের হিসেব জমা দিতে বলেছে।

সূত্রের খবর, বর্তমানে রাজ্যজুড়ে নির্বাচন চলায় বহু সরকারি আধিকারিক ও কর্মী ভোটের কাজে ব্যস্ত। সেই কারণেই এসওপি তৈরির কাজে কিছুটা বিলম্ব হচ্ছে।


Share