Murder Case

মণিপুরে দুস্কৃতীদের গুলিতে খুন হলেন বিএসএফ জওয়ান, মালদহের মোথাবাড়ির বাসিন্দা

মিঠুনের আত্মীয় মহাদেব মণ্ডল বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ প্রথমে ফোন করে বলা হয় মিঠুন গুলিবিদ্ধ হয়েছেন। অবস্থা খুবই খারাপ। এর কিছুক্ষণ পরে ফের ফোন করে বলা হয় মিঠুন আর বেঁচে নেই।’

মৃত সেনা জওয়ান
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৮:২৫

মণিপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বিএসএফ জওয়ানে। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে মালদহের মোথাবাড়ি এলাকার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজান টোলায়। মৃত জওয়ানের নাম মিঠুন মণ্ডল (৩৪)। তিনি বিএসএফের ১৭০ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। মণিপুরের উখরুল জেলার মংকোট চেপু এলাকায় পোস্টেট ছিলেন। সেখানেই কর্তব্যরত অবস্থায় দুস্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

এই ভেঙে পড়েছে তাঁর পরিবার। নিহত জওয়ানের বাবা মন্টু মণ্ডল জানান, কৃষক পরিবারে মিঠুনই ছিলেন প্রধান উপার্জনকারী। তাঁর ছোট ভাই বাবার সঙ্গে চাষের কাজ করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ন’বছর আগে তিনি বিএসএফে কনস্টেবল পদে যোগ দেন। ছ’বছর আগে তাঁর বিয়ে হয় সুলেখা মণ্ডলের (২৬) সঙ্গে। তাঁদের দুই ছোট সন্তান রয়েছে।

স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন সুলেখা। শোক ও অনিশ্চয়তায় দিন কাটছে পুরো পরিবারের। কীভাবে গুলি লাগল, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি বলে পরিবারের দাবি। মিঠুনের আত্মীয় মহাদেব মণ্ডল বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ প্রথমে ফোন করে বলা হয় মিঠুন গুলিবিদ্ধ হয়েছেন। অবস্থা খুবই খারাপ। এর কিছুক্ষণ পরে ফের ফোন করে বলা হয় মিঠুন আর বেঁচে নেই।’


Share