Land Scam

জমি দখল মামলায় এ বার কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনারকে তলব করল ইডি, সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ

জাল নথি বানিয়ে জমি দখল করে আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে সোনাপাপ্পুর। কিছু দিন আগে সোনাপাপ্পুর বালিগঞ্জের বাড়িতে ইডির আধিকারিককেরা তল্লাশি অভিযান করেন। একই সঙ্গে ‘সান এন্টারপ্রাইজ’-এর বালিগঞ্জের দফতরে তল্লাশি চালানো হয়েছিল।

আইপিএস অফিসার গৌরব লাল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১১:৩০

জমি দখল করে আর্থিক দুর্নীতির তদন্তে এ বার এক আইপিএস অফিসারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার (পূর্ব শহরতলি) গৌরব লালকে তলব করা হয়েছে। আগামীকাল, সোমবার সকাল ১১টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজির হতে তাঁকে বলা হয়েছে। এর পাশাপাশি, একই দিনে নির্মাণ ব‍্যবসায়ি জয় কামদারকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

ইডি সূত্রের খবর, জমি নথি জাল করে বিক্রি করে দেওয়া হয়েছে। তা থেকে বিপুল অঙ্কের টাকা বেআইনি ভাবে লেনদেন করা হয়েছে। সেই টাকা বিভিন্ন উপায়ে প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেই মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আইপিএস অফিসার গৌরব লালকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। তিনি বর্তমানে হাওড়া কমিশনারেটের যুগ্ম কমিশনার (সদর) পদে রয়েছেন। নির্বাচন কমিশনের বদলির নির্দেশের আগে গৌরব কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব শহরতলি) ছিলেন। ঘটনাচক্রে কসবা থানা এই ডিভিশনের মধ্যেই পড়ে না। তাহলে কেন এই আইপিএস অফিসারকে তলব করা হল তা এখনও স্পষ্ট নয়।

জাল নথি বানিয়ে জমি দখল করে আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে সোনাপাপ্পুর। কিছু দিন আগে সোনাপাপ্পুর বালিগঞ্জের বাড়িতে ইডির আধিকারিককেরা তল্লাশি অভিযান করেন। একই সঙ্গে ‘সান এন্টারপ্রাইজ’-এর বালিগঞ্জের দফতরে তল্লাশি চলে। ওই সংস্থার মালিক জয় কামদারের কাছ থেকে এক কোটি ২০ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডি সূত্রের খবর, জয় কামদারকেও সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে তলব করা হয়েছে।

গোলপার্কের কাঁকুলিয়া রোডে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনার পর থেকেই বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপ্পুকে পুলিক এখনও গ্রেফতার করতে পারেনি। এলাকার চিহ্নিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল নির্বাচন কমিশন। কিন্তু কসবা থানা কোনও পদক্ষেপ না করায় ওসিকে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, সোনাপাপ্পুর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি তা নিয়ে সঠিক জবাব নির্বাচন কমিশনকে না দিতে পারায় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। 

এর আগে জমি দখলে আর্থিক তছরুপের অভিযোগে কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে দু’বার তলব করা হয়েছিল। তিনি দু’বারেই ইডি দফতরে হাজিরা দিয়েছেন। গত ৬ এপ্রিল এই মামলাতে সোনাপাপ্পুকে ইডি তলব করেছিল। কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি। 

ইডির দাবি, কসবার তৃণমূল কর্মী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সেনাপাপ্পু বিভিন্ন প্রজেক্ট থেকে ‘প্রোটেকশন মানি’ নিয়েছেন। সেই টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বার সেই মামলাতেই নাম জড়াল কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার গৌরব লালের। যদিও কী কারণে তাঁকে ডেকে পাঠানো হয়েছে তা স্পষ্ট করেনি ইডির সূত্র। 


Share