Bomb Blast

বিদ্যালয়ের ছাদে মজুত করে বোমা থেকে বিস্ফোরণ! বিধানসভা নির্বাচনের আগে কাঁপল গোটা স্কুল, তদন্তে পুলিশ

পুলিশ সূত্রের খবর, বোমাগুলিকে আপাতত নিষ্ক্রিয় করা গিয়েছে। কে বা কারা এই বোমা গুলিকে সেখানে রেখেছিল তা এখনও জানা যায়নি। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত করছে কল্যাণী থানার পুলিশ।

তদন্তে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, কল্যানী
  • শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৯:৪৫

এই মাসেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগেই দিকে দিকে অশান্তির পারদ ক্রমেই চড়তে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বেআইনি অস্ত্র উদ্ধারের একাধিক ঘটনা ঘটেছে। এ বারে খোদ বিদ্যালয়ে ফাটল বোমা। নদিয়ার কল্যাণীতে ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রের খবর, এ দিন স্কুলে পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রী বেরিয়ে যায়। প্রায় আধঘন্টা পর বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা স্কুল চত্বর। তখনও স্কুলের ভিতর শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

আতঙ্কে স্কুল ছেড়ে বেরিয়ে পড়েন স্কুল শিক্ষক ও অন্যান্য কর্মচারীরা। পরে স্কুলের এসে দেখেন, ছাদের মধ্যে বোমা বিস্ফোরণ হয়েছে। কিন্তু এতগুলি তাজা বোমা একটি শিক্ষাকেন্দ্রে কীভাবে আসল তা স্পষ্ট নয়। খবর পেয়ে নির্বাচন কমিশনের আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। 

পুলিশ সূত্রের খবর, বোমাগুলিকে আপাতত নিষ্ক্রিয় করা গিয়েছে। কে বা কারা এই বোমাগুলিকে সেখানে রেখেছিল তা এখনও জানা যায়নি। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত করছে কল্যাণী থানার পুলিশ। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।


Share