Ranvir Singh

‘ধুরন্ধর’ ছবিতে বিপুল সাফল্যের পরে আরএসএস-এর সদর দফতরে হাজির অভিনেতা রণবীর, রাজনীতিতে আসা নিয়ে জল্পনা তুঙ্গে

গত দু’দিন ধরে বলিউড অভিনেতা রণবীর জামনগরে ছিলেন। সেখানে অনন্ত আম্বানির ৩১ বছরের জন্মদিন উদযাপন করেছিলেন। শুক্রবার সেখান থেকে মুম্বই ফিরে চাটার্ড বিমানে সোজা নাগপুর আসেন। তার পরে সড়কপথে রেশিমবাগে আরএসএস-এর সদর দফতরে চলে যান।

রণবীর সিংহ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১২:৪২

‘ধুরন্ধর’-এর দু’টি ছবি বিপুল সাফল্য পেয়েছে। এর পরেই নাগপুরের আরএসএসের দফতরে হাজির হলেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। শুক্রবার নাগপুরের আরএসএস সদর দফতরে গিয়ে তিনি সঙ্ঘের প্রথম সরসঙ্ঘচালক কেশব বলিরাম হেডগেওয়ারের স্মৃতি মন্দির পরিদর্শন করেন। দ্বিতীয় সরসঙ্ঘচালক মাধব সদাশিব গোলওয়ালকরকেও শ্রদ্ধা জ্ঞাপন করেন। শুধু তাই নয়, বেশ কিছু ক্ষণ বর্তমান সরসঙ্ঘচালক মোহনরাও ভাগবতের সঙ্গে বৈঠক করেন। এর পরেই বলিউড অভিনেতা রণবীরের রাজনীতিতে পা রাখা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

গত দু’দিন ধরে বলিউড অভিনেতা রণবীর জামনগরে ছিলেন। সেখানে অনন্ত আম্বানির ৩১ বছরের জন্মদিন উদযাপন করেছিলেন। শুক্রবার সেখান থেকে মুম্বই ফিরে চাটার্ড বিমানে সোজা নাগপুর আসেন। তার পরে সড়কপথে রেশিমবাগে আরএসএস-এর সদর দফতরে চলে যান। সেখানে প্রথম সরসঙ্ঘচালক কেশব বলিরাম হেগডেওয়ার স্মৃতি মন্দির পরিদর্শন করেন। তার পরে বর্তমান সরসঙ্ঘচালক মোহনরাও ভাগবত-সহ সঙ্ঘের শীর্ষ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। রাত ন’টা নাগাদ মুম্বই ফিরে আসেন। 

সূত্রের খবর, সঙ্ঘের শীর্ষ পদাধিকারীরা অভিনেতাকে সংগঠনটির প্রথম দুই সরসঙ্ঘচালকের জীবন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। আরএসএস-এর সহযোগী সাংস্কৃতিক সংস্থা চিত্রভারতী সম্পর্কে ধারণা দেন। এই আলাপচারিতায় রণবীরের চলচ্চিত্র ‘ধুরন্ধর’ নিয়ে আলোচনার পাশাপাশি সংগঠনটির কার্যক্রম ও সেবামূলক উদ্যোগগুলি সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে।তবে মোহনরাও ভাগবতের সঙ্গে বৈঠকে পরে কি রণবীর কে রাজনীতির ময়দানে দেখা যাবে? তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছে। 

নাগপুরের আরএসএস-এর সফরকে রণবীর সিংহ নিরাপত্তার কারণে গোপন রেখেছিলেন। সাম্প্রতিক সময়ে তার সদ্য মুক্তিপ্রাপ্ত 'ধূরন্ধর ২' বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। আদিত‍্য ধর পরিচালিত এই ছবিটি ১৯ মার্চ মুক্তি পাওয়ার পর বিশ্বব্যাপী এক হাজার ৫৫ কোটি টাকা আয় করেছে। তবে এই ছবিটি নিয়ে বিতর্কও হয়েছে প্রচুর। মূলত, কমিউনিস্টরাই এই ছবির সমালোচনা করেছেন। তাঁদের দাবি, এই সিনেমা বিজেপির প্রচার। উল্লেখ্য, বলিউড অভিনেতা রণবীর সিংহ গত বছরের বিজয়া দশমীর দিনে আরএসএস-এর শতবর্ষ পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছিলেন। 

প্রসঙ্গত, কেশব বলিরাম হেগডেওয়ার এক সময় বাল গঙ্গাধর তিলকের অনুসারী ছিলেন। পরে খিলাফত আন্দোলনের সময় তিনি কংগ্রেস থেকে সরে দাঁড়ান। তার মতে, হিন্দুদের অধিকার রক্ষায় কংগ্রেস ও মহাত্মা গাঁধী যথেষ্ট পদক্ষেপ করছিলেন না। মৃত্যুর আগ পর্যন্ত প্রথম সরসঙ্ঘচালক কেশব বলিরাম হেগডেওয়ার হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জোরালো ভাবে মত প্রকাশ করে গিয়েছিলেন।


Share