Special Intensive Revision

আজ আমার থেকে খুশি কেউ নয়! সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মমতা, ‘মঙ্গল গ্রহ থেকে ভোটার আনুন,’ কটাক্ষ শমীকের

মুখ্যমন্ত্রী বলেন, “সকলকে অভিনন্দন। দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই আমি সুখবরটা পেলাম। প্রথম থেকে বলে আসছিলাম, সকলে ধৈর্য ধরুন। আজ আমি খুব খুশি। বিচারব্যবস্থার জন্য গর্বিত। আমিই মামলা করেছিলাম। তাই আজ আমার চেয়ে খুশি কেউ নয়।”

(বাঁ দিক থেকে) মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১১:৩১

বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, তিনি আগেই ধৈর্য্য ধরতে বলেছিলেন। শীর্ষ আদালতের রাতের পরে তিনি ‘খুশি’। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে বিজেপিও কটাক্ষ করেছে। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মঙ্গল গ্রহ থেকে ভোটার নিয়ে আসতে পারে। তা-ও তৃণমূল হারছে।

ভোটের প্রচারের কর্মসূচিতে উত্তরবঙ্গে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারেই তিনি সুপ্রিম কোর্টের রায়ের খবর পান। কোচবিহারের হেলিপ্যাডে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সকলকে অভিনন্দন। দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই আমি সুখবরটা পেলাম। প্রথম থেকে বলে আসছিলাম, সকলে ধৈর্য ধরুন। আজ আমি খুব খুশি। বিচারব্যবস্থার জন্য গর্বিত। আমিই মামলা করেছিলাম। তাই আজ আমার চেয়ে খুশি কেউ নয়।”

দলের কর্মীদের উদ্দেশে বিশেষ নির্দেশও দিয়েছেন মমতা। জানিয়েছেন, ট্রাইবুনালের কাজের পর অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেই বাড়ি বাড়ি গিয়ে ভোটের স্লিপ বিলি করতে হবে দলীয় কর্মীদের। মমতা বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশমতো, যাঁরা ট্রাইবুনালে আবেদন করেছেন, প্রথম পর্যায়ের ভোটের অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে ২১ তারিখ। ভোটের দু’দিন আগেই। ওটা পেলে বুথের সমস্ত কর্মী এবং নেতাদের বলব, সে দিন রাতের মধ্যেই ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি যেন পৌঁছে দেয় — যাঁদের নাম বাদ দেওয়া হয়েছিল, তাঁরা যাতে ভোট দিতে পারেন।’’ ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও দু’দিন আগে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে বলে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে জানিয়েছেন মমতা। ভোটারদের নিশ্চিন্ত থাকার পরামর্শ দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে। এটা কমিশনের বিষয়। অতীতেও হয়েছে। ১২টি রাজ্যে এসআইআর হয়েছে। এখানে সবচেয়ে বেশি হাঙ্গামা হয়েছে।” তাঁর অভিযোগ, “বেছে বেছে যেখানে বিজেপি লিড পায়— সেখানে মতুয়া, রাজবংশী, নমশুদ্র, বাংলাদেশি উদ্বাস্তুদের নাম বাদ দিয়েছে। তৃণমূল মানুষের মধ্যে বিভ্রান্তি, আক্রোশ তৈরির জন‍্য এটা করেছে।”

এর পরেই শমীক ভট্টাচার্য বলেন, “পুরোনো তালিকাতেই ভোট করান। যে ভাবে ভোট করাতে চাইছেন সেভাবেই ভোট করিয়ে নিন। তার পরেও তৃণমূল চতুর্থ বারের জন্য ক্ষমতায় আসবে না তৃণমূল। তৃণমূল চলে গিয়েছে। তৃণমূল শেষ।”

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, “মুখ্যমন্ত্রী মঙ্গল গ্রহ থেকেও ভোটার নিয়ে আসতে পারেন। পারলে মায়ানমারে যাঁরা রয়েছে তাঁদেরকেও আনতে পারেন। মুখ্যমন্ত্রীর বাংলাদেশের জামাতিদের আনে তালিকাভুক্ত করতে পারেন। তা-ও তৃণমূল হারবে।”


Share