Special Intensive Revision

ট্রাইবুনাল দু’দিন আগে ছাড়পত্র দিলেও ভোট দেওয়া যাবে, বিচারাধীন ভোটারদের নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

ভোটে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা যেতে পরে। ওই দিন রাতেই ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যায়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁরা আবার সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করেছে।

এসআইআর মামলায় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৫:১৬

নির্বাচনের দু’দিন আগে যে ভোটারদের ছাড়পত্র দেবে ট্রাইবুনাল, তাঁরা ভোট দিতে পারবেন। এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, তাঁরা এসআইআর মামলায় আবার সংবিধানের ১৪২ নম্বর ধারা প্রয়োগ করেছে। এই নিয়ে এই মামলায় তৃতীয় বার এই ধারা প্রয়োগ করল দেশের শীর্ষ আদালত। 

রাজ্যে ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন ২৯ এপ্রিল। সুপ্রিম কোর্টের নির্দেশ, যে সমস্ত কেন্দ্র প্রথম দফায় ভোটগ্রহণ রয়েছে, সেই সমস্ত কেন্দ্রের যাঁদের নাম বিচারাধীন থাকার পরে বাদ পড়েছে, তাঁদের নাম আগামী ২১ এপ্রিলের মধ্যে তালিকাভুক্ত করার জন‍্য ছাড়পত্র দেবে ট্রাইবুনাল। যে সমস্ত কেন্দ্রে আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ রয়েছে, সেই সমস্ত বাদ যাওয়া বিচারাধীন ভোটারদের নাম ২৭ এপ্রিল পর্যন্ত নথিভুক্ত করতে নির্দেশ দিতে পারবে ট্রাইবুনাল। যাঁদের নাম ভোটার তালিকাভুক্ত হবে, তাঁরা ভোট দিতে পারবেন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে ট্রাইবুনাল যাঁদের ছাড়পত্র দেবেন তাঁরাই একমাত্র ভোট দিতে পারবেন। তাঁরা যদি কোনও ভোটারের নাম বাদ দেয়, তাহলে তাঁরা আর ভোট দিতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

ভোটে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা যেতে পরে। ওই দিন রাতেই ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যায়। এটাই আইন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁরা আবার সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করেছে। নির্বাচনের দু’দিন আগে যাঁরা তালিকাভুক্ত হবেন, তাঁরাই ভোট দিতে পারবেন। তবে কারা এই তালিকায় জায়গা করে নেবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইবুনালই।

রাজ্যে বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। তাঁদের মধ্যে ২৭ লক্ষের নাম বাদ পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। সে জন‍্য সশরীরে হাজির হওয়ার প্রয়োজন নেই। ইসিআই নেট মোবাইল অ‍্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এ ছাড়াও, জেলাশাসক বা মহকুমাশাসকের অফিসেও আবেদন করতে পারবেন। এসআইআর ট্রাইব্যুনালে ১৯ জন বিচারপতি বসে রয়েছেন। তাঁরাই আবেদনকারীদের নথি যাচাই করে সিদ্ধান্ত নেবেন। 


Share