BJP

ট্রাইবুনাল রায়ে নতুন মোড়, পোস্টাল ব্যালটে ‘সায়েন্টিফিক রিগিং’-এর অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ বিজেপি

এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালট প্রক্রিয়া শুরু হয়েছে। একাধিক কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিকে ‘সায়েন্টিফিক রিগিং’-এর অংশ বলে অভিযোগ করেন শিশির বাজোরিয়া।

শিশির বাজোরিয়া
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৯:২৪

বৃহস্পতিবার ট্রাইবুনাল সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে বিজেপি নেতা শিশির বাজোরিয়া জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যাওয়ার পরেও নতুন করে নাম অন্তর্ভুক্তির বিষয়টি সম্পূর্ণ ভাবে নির্ধারণ করবে নির্বাচন কমিশন। কমিশনই আদালতের নির্দেশ মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ দিকে রাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালট প্রক্রিয়া শুরু হয়েছে। একাধিক কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিকে ‘সায়েন্টিফিক রিগিং’-এর অংশ বলে অভিযোগ করেন শিশির বাজোরিয়া। তাঁর দাবি, অনেক ক্ষেত্রে ভোটিং পেপার এখনও পৌঁছোয়নি, যার ফলে আশঙ্কা তৈরি হয়েছে যে ভোট শেষ হওয়ার পর অন্য কেউ গিয়ে ভোট দিয়ে দিতে পারে।

তবে এই সমস্যার সমাধানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) নির্দেশ দিয়েছেন, যাঁরা নির্ধারিত দিনে ভোট দিতে পারবেন না, তাঁরা আগামী ২১ ও ২২ এপ্রিল ভোট দিতে পারবেন। বিশেষ করে যাঁরা ব্যালট ডিউটিতে রয়েছেন, তাঁদের ভোটাধিকার যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করার কথা জানানো হয়েছে।

এর পাশাপাশি, কিছু ক্ষেত্রে ব্যালটে নির্দিষ্ট দলের সেলোটেপ লাগানো থাকার অভিযোগও সামনে এসেছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হলে সিইও স্পষ্ট করে দিয়েছেন, এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচন (রিপোল) করা হবে। এমনকি একটি বিধানসভা এলাকায় একাধিক বুথে একই অভিযোগ প্রমাণিত হলে পুরো কেন্দ্রেই রিপোলের নির্দেশ দেওয়া হতে পারে।

ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শিশির বাজোরিয়া। তাঁর অভিযোগ, এমসিএমসি (মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি) বিধি চালু থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দল নিয়ম ভেঙে পোস্ট করছে। শুধু প্রচার নয়, দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেও পোস্ট করা হচ্ছে বলে দাবি তাঁর।

সাম্প্রতিক হিংসার ঘটনাতেও সরব হয়েছেন তিনি। মগরাহাট, বালি এবং তন্ময়ের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, এই ধরনের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বক্তব্যকেও ‘উস্কানিমূলক’ বলে কটাক্ষ করেন তিনি।

অন্যদিকে, তুফানগঞ্জে কেন্দ্রীয় বাহিনীর অসুস্থতার ঘটনা নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে শিশির বাজোরিয়া বলেন, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না থাকা দুর্ভাগ্যজনক। তিনি আশা প্রকাশ করেন, অসুস্থ জওয়ানদের দ্রুত সুস্থ করে তোলার জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

শেষে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে শিশির বাজোরিয়া দাবি করেন, সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হলে আগামী ৫ মে-র পর বর্তমান সরকার আর ক্ষমতায় থাকবে না।


Share