Mothabari Incident

মোফাক্কেরুলের ভূমিকা রহস্যজনক! মোথাবাড়িকাণ্ডে ধৃতের বিরুদ্ধে বিস্ফোরক দাবি জাতীয় তদন্তকারী সংস্থার

আদালতে এনআইএর আইনজীবী জানান, অভিযুক্তেরা প্রত‍্যক্ষ বা পরোক্ষ ভাবে ঘটনার সঙ্গে যুক্ত। তদন্ত এখনও প্রাথমিক স্তরে রয়েছে। তাই এই পর্যায়ে সব তথ্য সর্বসমক্ষে তাঁরা আনতে চাইছেন না।

আদালতে হাজির করানো হয়েছে অভিযুক্তদের।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১০:২৩

মালদহের মোথাবাড়িতে বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর হামলার ঘটনায় ধৃত মোফাক্কেরুলের ভূমিকাকে ‘রহস্যজনক’ বলে এনআইএ আদালতে দাবি করেছে। ধৃতের আইনজীবীর দাবি, মোফাক্কেরুল বিক্ষোভ তুলতে চেয়েছিলেন। উল্টে তাঁকেই গ্রেফতার করা হয়েছে।

এসআইআরের বিচারাধীন ভোটারদের নাম তালিকায় নথিভুক্ত করার দাবিতে গত কয়েক দিন আগে কালিয়াচক-২ ব্লকের অফিস ঘেরাও করা হয়েছিল। সাতজন বিচারবিভাগীয় আধিকারিক সেখানে আটকে পড়েন। তাঁরা দীর্ঘ সাত ঘন্টা আটকে থাকার পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়। বের করে নিয়ে আসার সময় গাড়িতে হামলা হয়। সুপ্রিম কোর্ট তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সুপ্রিম কোর্টের নির্দেশ এনআইএ তদন্ত শুরু করে।

ঘটনায় পুলিশ ৪৯ জনকে গ্রেফতার করে। এনআইএ তিন জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ৪৯ জনকে কলকাতায় এনআইএ-এর বিশেষ আদালতে হাজির করানো হয়েছে। এ দিন আদালতে ৪৯ জনের মধ্যে মোট ১২ জনকে হেফাজতে চেয়েছে এনআইএ। বাকিদের ৩৭ জনকে বিচারবিভাগীয় হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই ৩৭ জনের মধ্যে মোফাক্কেরুল ইসলামের নাম নেই। কেন্দ্রীয় সংস্থা মনে করছে, মোফাক্কেরুল ইসলামকে পরে ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করা যাবে। তাঁকে এই ঘটনার ‘মূলচক্রী’ বলে উল্লেখ করেছিল রাজ্য পুলিশ।

এ দিন আদালতকে মোথাবাড়িকান্ডে মোফাক্কারুল ইসলামের ভূমিকা ‘রহস্যজনক' বলে দাবি করেছে এনআইএ। পুলিশ যে ১২টি মামলা রুজু করেছিল তা ধরে এনআইএ এফআইআর দায়ের করেছে। মোফাক্কেরুলের আইনজীবীর এ দিন অভিযোগ করেন, তাঁর মক্কেলকে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে। নেপথ্যে বড় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। যদিও এনআইএ জানিয়েছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। তাই তদন্তের স্বার্থেই সব তথ্য তারা সর্বসমক্ষে আনতে চাইছে না।

মোফাক্কেরুলের আইনজীবী বলেন, “স্বচ্ছ তদন্তের জন্য এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমি যত দূর জানি, সরকারের সঙ্গে সহযোগিতা করে মোফাক্কেরুল জমায়েত সরানোর চেষ্টা করেছিলেন। ঘটনার সঙ্গে ওঁর যুক্ত থাকার কোনও সম্ভাবনা নেই। উনি সমাজমাধ্যমে জনপ্রিয়। ওঁকে চিনতে পেরে ওখানকার লোকজন জমায়েত সরানোর অনুরোধ করেছিলেন। পুলিশও ওঁর সহযোগিতা চেয়েছিল। আশা করি বিচারক জামিনের আবেদন মঞ্জুর করবেন।”

আদালতে এনআইএর আইনজীবী জানান, অভিযুক্তেরা প্রত‍্যক্ষ বা পরোক্ষ ভাবে ঘটনার সঙ্গে যুক্ত। তদন্ত এখনও প্রাথমিক স্তরে রয়েছে। তাই এই পর্যায়ে সব তথ্য সর্বসমক্ষে তাঁরা আনতে চাইছেন না।


Share