Assembly Election

সিলবিহীন ব‍্যালট বাক্স ঘিরে অগ্নিগর্ভ বালুরঘাট, পোস্টাল ব্যালট ঘিরে বিক্ষোভ স্কুলে

তাঁদের দাবি, ভোটকেন্দ্রের ভিতরে ব্যালট বাক্সগুলি কোনো সিল বা গালা ছাড়া খোলা অবস্থায় রাখা ছিল। পাশাপাশি ভোটারদের গোপনীয়তা রক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কে কাকে ভোট দিচ্ছেন, তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
  • শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৬:১২

ভোট শুরুর আগেই পোস্টাল ব্যালটকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল বালুরঘাটে। ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালীন গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে আসতে হয় নির্বাচনী পর্যবেক্ষককে। আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল।

বৃহস্পতিবার ওই কেন্দ্রে সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদানের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ভোট দিতে এসে কর্মীদের একাংশ অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার ন্যূনতম বিধি মানা হয়নি। তাঁদের দাবি, ভোটকেন্দ্রের ভিতরে ব্যালট বাক্সগুলি কোনো সিল বা গালা ছাড়া খোলা অবস্থায় রাখা ছিল। পাশাপাশি ভোটারদের গোপনীয়তা রক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কে কাকে ভোট দিচ্ছেন, তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।

আরোও অভিযোগ, কিছু ব্যক্তি ব্যালট বাক্স থেকে ব্যালট পেপার তুলে নিচ্ছিলেন। ভোটকক্ষে মোবাইল নিয়ে প্রবেশ, বহিরাগতদের উপস্থিতি সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির অভিযোগ, জেলা প্রশাসনকে ব্যবহার করে ছাপ্পা ভোটের প্রস্তুতি চলছে এবং পোস্টাল ব্যালট লুটের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে।

ভোটকর্মীদের বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া থমকে যায়। পরে নির্বাচনী পর্যবেক্ষক এসে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পুলিশ উত্তেজনা প্রশমিত করে। যদিও সিলবিহীন ব্যালট বাক্সকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে জেলা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। 


Share