Election Commission

পাঁচিল নেই, তবু সুরক্ষা টাইট! বাঁশের ঘেরাটোপে কেন্দ্রীয় বাহিনী, স্পর্শকাতর বুথে বাড়তি নজর

এই পরিস্থিতি মাথায় রেখে এবার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব স্কুলে পাঁচিল নেই, সেখানে বাঁশ দিয়ে অস্থায়ী ঘেরাটোপ তৈরি করা হবে। সেই ঘেরাটোপের ভেতরে মোতায়েন থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০১:২৮

এ বারের ভোটে কোনও রকম নিরাপত্তা ঘাটতি রাখতে নারাজ নির্বাচন কমিশন। এআই নজরদারি থেকে সিসিটিভি সব ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোটা রাজ্যকে নিরাপত্তার বলয়ে ঢাকতে চাইছে কমিশন। বিশেষ করে উত্তরবঙ্গের উপর দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। সেখানে বহু বুথে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের অনেক স্কুলেই নেই সঠিক সীমানা প্রাচীর। চারপাশে জঙ্গল বা ঝোপঝাড় থাকায় বাইরের লোক সহজেই নজর এড়িয়ে বুথে ঢুকে পড়ার আশঙ্কা থাকে। এই পরিস্থিতি মাথায় রেখে এবার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব স্কুলে পাঁচিল নেই, সেখানে বাঁশ দিয়ে অস্থায়ী ঘেরাটোপ তৈরি করা হবে। সেই ঘেরাটোপের ভেতরে মোতায়েন থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

নিরাপত্তা আরও কড়াকড়ি করতে এবার থেকে ভোটার পরিচয়পত্র ছাড়া কাউকে বুথে প্রবেশ করতে দেওয়া হবে না। ইতিমধ্যেই এই ধরনের বুথগুলিকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করেছেন পর্যবেক্ষকরা এবং সেখানে বিশেষ নজরদারি চালানো হবে।

সব মিলিয়ে, আগের নির্বাচনের তুলনায় এবার অনেক বেশি পরিকল্পিতভাবে নিরাপত্তা সাজাচ্ছে কমিশন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এত কড়াকড়ি সত্ত্বেও কি অশান্তি পুরোপুরি রোখা সম্ভব? কারণ, অতীতে শীতলকুচির মতো ঘটনায় দেখা গিয়েছে, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সংঘর্ষ এড়ানো যায়নি এবং গুলিচালনার ঘটনায় প্রাণ হারিয়েছিলেন চারজন গ্রামবাসী। তাই এবারের এই কড়া ব্যবস্থাপনা কতটা কার্যকর হবে, সেটাই এখন দেখার।


Share