Road Accident

বৌভাত থেকে ফেরার পথে মৃত্যু, শিমুরালিতে ট্রাক-অটো সংঘর্ষে প্রাণ গেল তরুণীর

দুর্ঘটনায় আরও কয়েকজন জখম হয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকটিকে আটক করা হলেও চালক পলাতক।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৪:৩৩

নদিয়ার শিমুরালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী। বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়কের শিমুরালি চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম রিক্তা নন্দী (১৮)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত নহাটা ইসলামপুর গ্রামে।

জানা গিয়েছে, তিনি দাদার বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে নহাটা থেকে একটি অটো রিজার্ভ করে রিক্তা ও তাঁর পরিবারের সদস্যরা শিমুরালির বিটি কলেজ পাড়ায় এসেছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় জাতীয় সড়ক পার হয়ে নহাটার দিকে যাচ্ছিলেন। তখনই একটি মালবোঝাই ট্রাক আচমকাই অটোটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রিক্তার মৃত্যু হয়। রিক্তা পরিবারের একমাত্র মেয়ে ছিলেন। গত বছরই তিনি বাবাকে হারিয়েছেন। এ বছর বনগাঁর একটি স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষাও দিয়েছিলেন।

দুর্ঘটনায় তপতী নন্দী গুরুতর জখম হন। তাঁকে প্রথমে কল্যাণী এমসে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, অটোচালকের অবস্থাও সঙ্কটজনক। তিনি কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অপর এক যাত্রী সামান্য আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

খবর পেয়ে চাকদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহ উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য কল্যাণীতে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। যদিও চালক পলাতক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Share