Flipkart Hub

হরিণঘাটায় ফ্লিপকার্ট হাবে শ্রমিক বিক্ষোভ, বেতন বৃদ্ধি ও সিন্ডিকেট রাজের অবসানের দাবি সরব কর্মীরা

বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমানে তাঁরা মাসিক মাত্র ১০ হাজার ৩০০ টাকা বেতন পান। তা বাড়িয়ে ১৮ হাজার টাকা করতে হবে।

হাবের সামনে শতাধিক কর্মী বিক্ষোভে সামিল হন।
নিজস্ব সংবাদদাতা, হরিণঘাটা
  • শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৪:২৬

ফ্লিপকার্ট হাবকে ঘিরে শনিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এটি নদীয়ার হরিণঘাটায় অবস্থিত। বেতন বৃদ্ধি, ভেন্ডার ও সিন্ডিকেট রাজের অবসান এবং সরাসরি কোম্পানির অধীনে কাজের দাবিতে বিরহী-আইসপুর এলাকার হাবের সামনে শতাধিক কর্মী বিক্ষোভে সামিল হন।

বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমানে তাঁরা মাসিক মাত্র ১০ হাজার ৩০০ টাকা বেতন পান। যা বর্তমান বাজারদরের নিরিখে অত্যন্ত অপ্রতুল। তাঁদের দাবি, অবিলম্বে বেতন বৃদ্ধি করা হোক। তা বাড়িয়ে ১৮ হাজার টাকা করতে হবে। পাশাপাশি, কোনও ভেন্ডার বা তৃতীয় পক্ষের মাধ্যমে নয়। সরাসরি কোম্পানির অধীনে শ্রমিকরা নিয়োগের দাবি তোলেন।

কর্মীদের আরও অভিযোগ, নাইট শিফট, অতিরিক্ত পরিষেবা ও অন্যান্য কাজের জন্য যে বাড়তি পারিশ্রমিক পাওয়ার কথা, তার বড় অংশই ভেন্ডার ও সিন্ডিকেটের মাধ্যমে কেটে নেওয়া হয়। ফলে প্রকৃত প্রাপ্য অর্থ থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চললেও সমস্যার সমাধান হয়নি। বিক্ষোভকারীদের দাবি বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে।

শনিবার সকালে হাবের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন কর্মীরা। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হরিণঘাটা থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সকলেই ঘটনাস্থলে পৌঁছোয়। আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চালায় প্রশাসন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয় যে, বিষয়টি ফ্লিপকার্টের উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। যদিও আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

একটি বহুজাতিক ই-কমার্স সংস্থার হাবের সামনে শ্রমিক অসন্তোষের এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Share