BJP

তিনদিন ধরে জল বন্ধ! খবর পেয়ে বিজেপি বিধায়কের হস্তক্ষেপ, আশার আলো দেখছেন শান্তিপুরবাসী

এ দিন বিজেপি বিধায়ক বলেন, "মানুষের সমস্যার কথা শুনেই আমি এখানে এসেছি। যত দ্রুত সম্ভব জল পরিষেবা স্বাভাবিক করার জন্য প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

শান্তিপুর পুরসভা।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৯:২৬

হঠাৎই গত তিন দিন ধরে জল পরিষেবা বন্ধ। তার ফলে নদিয়ার শান্তিপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা চরম সমস্যার মুখে সম্মুখীন হয়েছেন। পানীয় জলের এই সংকটকে কেন্দ্র করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তেই বিষয়টি নিয়ে সরাসরি মাঠে নামলেন শান্তিপুরের নবনির্বাচিত বিধায়ক স্বপনকুমার দাস।

এ দিন বিধায়ক স্বপনকুমার দাস শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে চলে আসেন। তিনি ভাগীরথী নদীর পাড়ে অবস্থিত জল সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেন। একই সঙ্গে শান্তিপুর পুরসভায় তাঁর প্রতিনিধিদের পাঠানো হয়। তারা সেখানে গিয়ে পুরপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

পুরসভার পক্ষ থেকে বিধায়ককে জানানো হয়, ভাগীরথী নদী থেকে জল সরবরাহের মূল কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ মোটর বিকল হয়ে গিয়েছে। সেই কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। নতুন মোটর মেরামত ও পরিষেবা স্বাভাবিক করতে কিছুটা সময় লাগছে বলেও জানানো হয়েছে।

এই খবর পাওয়া মাত্রই বিজেপি প্রার্থী স্বপনকুমার দাস দ্রুত ছুটে যান। স্টিমারঘাট এলাকার ভাগীরথী নদীর পাড়ে অবস্থিত জল সরবরাহ কেন্দ্রে যান। সেখানে গিয়ে তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

এ দিন বিজেপি বিধায়ক বলেন, "মানুষের সমস্যার কথা শুনেই আমি এখানে এসেছি। যত দ্রুত সম্ভব জল পরিষেবা স্বাভাবিক করার জন্য প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি কমানোই এখন আমাদের প্রথম লক্ষ্য।”

জল সমস্যাকে কেন্দ্র করে যেখানে সাধারণ মানুষের মধ্যে ক্রমেই ক্ষোভের সঞ্চার হচ্ছিল। সেখানে বিধায়কের সরাসরি ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় অনেকেই আশার আলো দেখছেন। এলাকার বাসিন্দাদের একাংশের মতে, নতুন বিধায়কের এই তৎপরতা ভবিষ্যতে সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আগামী দিনে।


Share