Body Recovery

শ্রাবণ মাসে শিবনিবাসে জল ঢালতে যাওয়ার কথা ছিল, তার আগেই নবদম্পতির অস্বাভাবিক মৃত্যু হাঁসখালিতে

নদীয়ার হাঁসখালির পেপুলবেড়িয়া বৈষ্ণবঘাটা এলাকায় বাড়ি থেকে এক নবদম্পতির অস্বাভাবিক মৃত্যু। বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই এই ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ০৭:৫৩

নদিয়ার হাঁসখালির পেপুলবেড়িয়া বৈষ্ণবঘাটা এলাকায় এক নবদম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়ি থেকেই তাঁদের দেহ উদ্ধার হয়। বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই এমন ঘটনা ঘটায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রকাশ বিশ্বাস। তিনি গাজনা গ্রাম পঞ্চায়েতের পেপুলবেড়িয়া বৈষ্ণবঘাটা এলাকার বাসিন্দা। পেশায় একটি পেট্রোল পাম্পের কর্মী ছিলেন। প্রায় ছয় মাস আগে তাহেরপুরের বাসিন্দা বর্ণালী বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাঁদের বিয়ে হয়।

পরিবারের দাবি, সোমবার সকালে অন্য দিনের মতোই ঘুম থেকে ওঠেন প্রকাশ ও বর্ণালী। শ্রাবণ মাসে বিয়ের পর প্রথমবার তাঁদের শিবনিবাসের শিবমন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালার পরিকল্পনাও ছিল। সেই সময় পরিবারের অন্য সদস্যরা কাজে বেরিয়ে যান। পরে বাড়িতে ফিরে এসে তাঁরা দম্পতিকে অচেতন অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় হাঁসখালি থানায়। পাশাপাশি বর্ণালীর পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

প্রকাশের দাদু ভবেশ বিশ্বাস জানান, পরিবারের সকলেই জানতেন যে তাঁদের সেদিন শিবনিবাসে পুজো দিতে যাওয়ার কথা ছিল। তিনি দাবি করেন, বেতনের টাকা এখনও হাতে না আসায় সামান্য পারিবারিক মনোমালিন্য হয়েছিল বলে শুনেছেন। তবে এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দা শিবশেখর গ্রহন জানান, প্রকাশকে তিনি দীর্ঘদিন ধরে চিনতেন। পেট্রোল পাম্পে নিয়মিত যাতায়াতের সূত্রে তাঁর সঙ্গে পরিচয় ছিল। তাঁর কথায়, “প্রকাশ অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত ও শোকাহত।”

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছোনো হচ্ছে না।


Share