Drowning

ভাগীরথীর জলে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই পরিযায়ী শ্রমিক বন্ধু, খোঁজে চলছে তল্লাশি

প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নানের সময় অসাবধানতাবশত নদীর গভীর অংশে বাপি ও আকাশ চলে যান। প্রবল স্রোতের টানে মুহূর্তের মধ্যেই তারা তলিয়ে যান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যে নামে।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১০:০৭

নদিয়ার শান্তিপুরে দুর্ঘটনা। ভাগীরথী নদীতে স্নান করতে নেমে দুই যুবক তলিয়ে গেলেন। নিখোঁজ ওই দুই যুবকের নাম বাপি মন্ডল ও আকাশ শেখ। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন তাঁদের সঙ্গী রাজ্জাক শেখ। চোখের সামনে দুই বন্ধুকে জলে তলিয়ে যেতে দেখেন তিনি। ফলত মানসিক ভাবে তাঁদের সঙ্গী রাজ্জাক শেখ ভেঙে পড়েছেন।

শনিবার দুপুরে শান্তিপুর শহরের সাত ভাই পাড়া ও মানিকনগর এলাকার বাসিন্দা তিন বন্ধু। তাঁরা ভাগীরথী নদীর ঘাটে স্নান করতে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপি ও আকাশ দু’জনেই পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কাজ করতেন। ছুটিতে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে সময় কাটাতেই নদীতে তাঁরা গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নানের সময় অসাবধানতাবশত নদীর গভীর অংশে বাপি ও আকাশ চলে যান। প্রবল স্রোতের টানে মুহূর্তের মধ্যেই তারা তলিয়ে যান। তাদের সঙ্গে থাকা রাজ্জাক শেখ কোনও রকমে প্রাণে বেঁচেছে। তবে বন্ধুদের হারানোর শোকে কার্যত তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

ঘটনার পরপরই স্থানীয় মাঝি-মাল্লারা নদীতে নেমে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও নিখোঁজ দুই যুবকের কোনো সন্ধান মেলেনি। পরে শান্তিপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যে নামে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরি দলকে তলব করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে নদীর প্রবল স্রোত ও গভীরতার কারণে উদ্ধারকাজে সমস্যা তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় সাত ভাই পাড়া ও মানিকনগর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিখোঁজ দুই যুবকের পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে প্রহর গুনছেন। বন্ধুদের এমন মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা।


Share