Road Accident

নদিয়ার শান্তিপুরে সাত সকালে পথ দুর্ঘটনা, লরির পেছনে ধাক্কা আপেল বোঝাই গাড়ির, দু’জনের মৃত্যু

নদিয়ার শান্তিপুরের বাথনা ব্রিজ এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক দম্পতির। হিমাচল প্রদেশ থেকে আপেল নিয়ে বনগাঁ যাওয়ার পথে একটি লরির পিছনে ধাক্কা মারায় দুর্ঘটনাটি ঘটে।

গাড়িটি একটি লরির পিছনে সজরে ধাক্কা মারে।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ১১:৩১

নদিয়ার শান্তিপুরে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হল দু'জনের। সোমবার ভোরে ১২ নম্বর জাতীয় সড়কের শান্তিপুর বাইপাস সংলগ্ন বাথনা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতরা স্বামী-স্ত্রী বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে এলাকাবাসীরা একটি আপেলবোঝাই ছোট পণ্যবাহী গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে থাকতে দেখেন। গাড়ির ভিতরে এক পুরুষ ও এক মহিলা আটকে ছিলেন। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এবং শান্তিপুর ট্রাফিক গার্ডের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দীর্ঘ চেষ্টার পর গাড়ি থেকে দু'জনকে উদ্ধার করা হলেও চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, সোমবার ভোর প্রায় পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, হিমাচল প্রদেশ থেকে আপেল নিয়ে উত্তরপ্রদেশের একটি পণ্যবাহী গাড়ি বনগাঁর উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি বাথনা ব্রিজের উপর একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। আর তাতেই এই বিপত্তি ঘটে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে। পাশাপাশি গাড়ির মালিক ও মৃতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তা শান্তিপুর থানার পুলিশ খতিয়ে দেখছে।


Share