TMC

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা

বিজেপির দাবি, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না।

মিঠু শেখ গ্রেফতার হলেন।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৮:৪৩

চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। চাকরির নামে টাকা তোলার অভিযোগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা মিঠু শেখ গ্রেফতার হলেন। সোমবার রাতে নদীয়া জেলার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদীয়ার এক যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। অভিযোগকারী দাবি করেছেন, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৫০ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন মিঠু শেখ। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার দুপুরে ধৃত মিঠু শেখকে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়। তদন্তকারীরা অভিযোগের সত্যতা খতিয়ে দেখছেন। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খোঁজ নেওয়া হচ্ছে।

রাজ্যে সরকার পরিবর্তনের পর দুর্নীতির অভিযোগে একাধিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের ঘটনা সামনে এসেছে। বিজেপির দাবি, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি তাদের।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ত্রাণ সামগ্রী বণ্টন সংক্রান্ত মামলায় নদীয়ার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই চাকরি জালিয়াতির অভিযোগে তৃণমূলের আর এক নেতার গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে মিঠু শেখ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share