Special Intensive Rivision

ফর্ম ৭-এর মাধ্যমে বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ, শ্রীরামপুর ভিডিও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের

উল্লেখ্য, কমিশনারের নিয়ম অনুযায়ী, খসড়া তালিকায় কোন মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম উঠে গেলে বিএলও-রা দিনে দশটি করে ফর্ম ৭-এর মাধ্যমে সেই নাম বাদ দিতে পারবেন।

রামপুর বিডিও অফিসে তৃণমূল কর্মীদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০১:৫৭

রাজ্যের এসআইআর নিয়ে এখনও রাজনৈতিক জল্পনা চলছে। শুনানি পর্ব, এসআইআর ফর্ম দেওয়া ও নেওয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন রাজ্যের শাসকদল। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়ে এ বার ফর্ম ৭ নিয়ে একাধিক অভিযোগ করছে তৃণমূল। ফর্ম ৭-এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছে এমনটাই অভিযোগ করছেন রাজ্যের শাসক দল। এই মর্মে ঝাঁটা ও লাঠি হাতে শ্রীরামপুর বিডিও অফিসে তৃণমূল কর্মীরা বিক্ষোভে শামিল হয়েছেন।

তৃণমূলের অভিযোগ, প্রচুর পরিমাণে ফর্ম ৭ এনে বিজেপি বৈধ ভোটারদের বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত করছে। বিক্ষভে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা ও পুরসভার অন্যান্য প্রতিনিধিরা। হাতে ঝাঁটা ও লাঠি নিয়ে এ দিন তাঁরা বিক্ষোভ করেন। ঘটনায় হুগলি সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন বলেন, "কোন বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। এই ধরনের চক্রান্ত বিজেপি করলে ঝাঁটা দিয়ে তাদের রাজ্যের বাইরে বের করে দেওয়া হবে।" তাঁদের আরও অভিযোগ, ফর্ম ৬ পূরণ করিয়ে বাংলার বাইরে থেকে অবৈধ ভোটারদের বাংলার ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছেন। যাতে তারা ভোট দিয়ে বিজেপিকে জেতাতে পারেন।

উল্লেখ্য, কমিশনারের নিয়ম অনুযায়ী, খসড়া তালিকায় কোন মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম উঠে গেলে বিএলএ-রা দিনে দশটি করে ফর্ম ৭ বিএলওর কাছে জমা দিতে পারেন। অন্য কোন রাজনৈতিক দলের কর্মী যদি পাঁচটির বেশি ফর্ম ৭ জমা দেন, তবে ইআরও-রা নিজে তা যাচাই করবেন।


Share