TMC Leader Beaten Up

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মারে মাথা ফাটল তৃণমূলের ব্লক সভাপতির! ভর্তি করা হয়েছে হাসপাতালে

অভিযুক্ত বৃদ্ধকে পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন। তাঁর পরিবার জানিয়ে বর্ধমান মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। আবারও সেখানে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।

আক্রান্ত তৃণমূল নেতা সুভাষ ঘড়া।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০১:৪২

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের হাতে মার খেলেন তৃণমূলের ব্লক সভাপতি। হুগলির পেলবায় ঘটনাটি ঘটেছে। আক্রান্ত তৃণমূল নেতার নাম সুভাষ ঘড়া। তিনি ব্লক তৃণমূলের সভাপতি। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গত লোকসভা নির্বাচনে সুভাষ ঘড়া হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। বর্তমানে তিনি পোলবা-দাদপুর ব্লক তৃণমূলের সভাপতি। স্থানীয় সূত্রের খবর, বুধবার তিনি মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দাদপুরের মোশোর গ্রামের কাছে এক ৬২ বছরের বৃদ্ধ তাঁর মোটরবাইক আটকান। এর পরেই আচমকা বাঁশ দিয়ে বেধড়ক মারধর করতে শুরু করেন।

জানা গিয়েছে, ঘটনার সময় তৃণমূল নেতা সুভাষের মাথায় হেলমেট ছিল। ফলে বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। তা-ও ডান চোখের পাশে গুরুতর আঘাত পেয়েছেন। আঘাত পেয়েছেন ডান হাত এবং পায়েও। পুলিশ তাঁকে সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

অভিযুক্ত বৃদ্ধকে পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন। তাঁর পরিবার জানিয়ে বর্ধমান মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। আবারও সেখানে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। আদৌ সে মানসিক ভাবে ভারসাম্যহীন কি না তা পরীক্ষা করা হবে বলেই জানা গিয়েছে।

আক্রান্ত তৃণমূল নেতা বলেন, “আমায় যে মেরেছে সে মানসিকভাবে ভারসাম্যহীন। আমায় বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করেছে। বাঁশ দিয়ে মেরেছে।” তবে রাজনৈতিক শত্রুতার কারণে এই মারধরের ঘটনা কি না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও তাঁর কোনও রাজনৈতিক শত্রুতা নেই বলেই দাবি করেছেন তৃণমূল নেতা সুভাষ ঘড়া।


Share