Vandalism

স্কুটি রাখা নিয়ে বচসা, নবদ্বীপে ব্যবসায়ীর গুদামঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের

ঘটনায় আক্রান্ত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ দিকে, ভাইরাল হওয়া একটি ভিডিয়ো এক অভিযুক্তকে প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা গিয়েছে।

প্রকাশ্যে রাস্তায় কান ধরে উঠবস তৃণমূল নেতার।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১১:৫০

উৎসবের মরশুমে সামান্য স্কুটি রাখা নিয়ে বচসা। আর তা থেকে বড়সড় অশান্তির সূত্রপাত নদিয়ার নবদ্বীপে। স্থানীয় কয়েক জন যুবকের বিরুদ্ধে এক ব্যবসায়ীর গুদামঘরে ঢুকে ভাঙচুর, লুটপাট এবং মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আক্রান্ত ব্যবসায়ী নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতের নাম রঞ্জন পাল।

অভিযোগকারী জানান, গত ২৩ সেপ্টেম্বর রাত প্রায় আটটা নাগাদ তাঁর দোকানের সামনে একটি স্কুটি রাখা ছিল। স্কুটিটি সরাতে বলায় স্থানীয় দু'জন যুবকের সঙ্গে তাঁর বচসা বাধে। একজন রাজদীপ। অন্যজন সৌভিক। অভিযোগ, ওই সময় অভিযুক্তরা তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এমনকি প্রাণনাশের হুমকিও দেয়।

অভিযোগ, সেই ঘটনার কিছু ক্ষণ পরেই অভিযুক্তরা দলবল নিয়ে ব্যবসায়ীর দোকান ও গুদামঘরে ঢোকে বলে। সেখানে ভাঙচুর চালানো হয়। ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। পাশাপাশি রঞ্জন পালের দাবি, তাঁকে কিল, ঘুষি ও লাথি মারা হয়েছে। দোকানের বাঁশের কাঠামো ভেঙে ফেলার চেষ্টাও করা হয়েছে।

এ দিকে, ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়ো দেখা যায়, স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে এক যুবক প্রকাশ্যে কান ধরে উঠবস করছে। হাতজোড় করে ক্ষমা চাইছে। ভিডিয়োতে ওই যুবক দাবি করে, এলাকার তৎকালীন তৃণমূল ছাত্রনেতা ছিলেন রাজদীপ। তাঁরই প্ররোচনায় তিনি এই ঘটনায় জড়িয়ে পড়েছিলেন। ভবিষ্যতে আর কখনও এমন কাজ করবে না বলেও প্রকাশ্যে ক্ষমা চান।

এই ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত ব্যবসায়ী নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নবদ্বীপ থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share