Theft

রাতের অন্ধকারে পরপর তিন বাড়িতে চুরির চেষ্টা, সোনা-রুপোর গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট চোরের দল

নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ নগর উত্তরপাড়া এলাকায় রাতের অন্ধকারে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার সামগ্রী নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে।

ঘরের সবকিছু লন্ডভন্ড অবস্থায় রয়েছে।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০১ আগস্ট ২০২৬ ০১:২১

রাতের অন্ধকারে পরপর তিনটি বাড়িতে চুরি। আরো দুটি বাড়িতে চুরির চেষ্টা চালানো হয়। নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ নগর উত্তরপাড়া এলাকায় শুক্রবার রাতে এমন ঘটনা ঘটছে। অভিযোগ, একটি বাড়ি থেকে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা-সহ প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার সামগ্রী নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে। আরও দুটি বাড়িতেও চুরির চেষ্টা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা লিপিকা বিশ্বাস কয়েক দিন আগে সন্তানদের নিয়ে ভীমপুরে তাঁর বাবার বাড়িতে গিয়েছিলেন। তাঁর স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। শনিবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে তিনি ফোনে বাড়িতে চুরির খবর পান। তারপর দ্রুত ফিরে আসেন।

বাড়িতে এসে তিনি দেখেন, মূল দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ভিতরে ঢুকতেই চোখে পড়ে সবকিছু লন্ডভন্ড। আলমারি ও বাক্সের তালা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। ঘরের বিভিন্ন জায়গায় জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। অভিযোগ, লকারে রাখা সমস্ত সোনা-রুপোর অলংকার এবং টাকা ভর্তি একটি ভাণ্ডার নিয়ে চোরেরা পালিয়েছে। ক্ষতিগ্রস্ত গৃহবধূর দাবি, প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার সম্পত্তি খোয়া গিয়েছে।

স্থানীয়দের দাবি, একই রাতে পাশের আরও একটি বাড়িতে তালা ভেঙে ঢুকলেও সেখানে মূল্যবান কিছু না থাকায় চোরেরা খালি হাতেই ফিরে যায়। এছাড়া আরও একটি বাড়িতে ঢোকার চেষ্টা করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করেন। এরপরই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছে। পরপর একাধিক বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।


Share